বরিশালে নিখোঁজের দুই দিন পর সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিমকে পটুয়াখালীর কুয়াকাটা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার।
শেখ ফারহান নাদিম বরিশালের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর আদালতের সিনিয়র সহকারী সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আদালত থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার দিন রাত ১০টার দিকে বরিশাল নগরের বাংলাবাজার এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় তাঁকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় বুধবার (১৮ নভেম্বর) বিকেলে আদালতের নাজির সৈয়দ মাইনুল হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বিচারকের সন্ধানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিশেষ দল গঠন করে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে পুলিশ জানতে পারে, নিখোঁজ হওয়ার দিন তিনি ইসলামী ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা উত্তোলন করেন। পরে রিকশায় করে গন্তব্যের উদ্দেশে রওনা হন। নগরের আলেকান্দা-আমতলা এলাকায় তাঁর সর্বশেষ অবস্থানের তথ্য পাওয়া যায়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বৃহস্পতিবার জানান, নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদিমকে কুয়াকাটা থেকে উদ্ধার করা হয়েছে।
তবে কী কারণে তিনি নিখোঁজ হয়েছিলেন, কীভাবে কুয়াকাটায় পৌঁছেছেন এবং নিখোঁজের দুই দিন তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত তথ্য জানায়নি। তার নিখোঁজ হওয়ার পেছনের কারণ জানতে সংশ্লিষ্টদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

