আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দিনমজুরের গরু চুরি, পাশে দাঁড়ালেন সৌদি প্রবাসী

উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)

দিনমজুরের গরু চুরি, পাশে দাঁড়ালেন সৌদি প্রবাসী

ভোলার দৌলতখান উপজেলায় গরু চুরির ঘটনায় নিঃস্ব হয়ে পড়া এক দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এক সৌদি প্রবাসী। তার এই উদ্যোগে এলাকায় ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিনমজুর কালু বেপারির গোয়ালঘর থেকে গত এক সপ্তাহ আগে গভীর রাতে দুটি গরু চুরি হয়ে যায়। গরুগুলোই ছিল তাদের পরিবারের একমাত্র সম্বল। কালু অসুস্থ থাকায় তার স্ত্রী নাসিমা বেগম গরুর দুধ বিক্রি করে সংসার চালাতেন। এছাড়া ঈদের পর গরু বিক্রি করে মেয়েদের বিয়ের খরচ জোগাড় করার স্বপ্নও ছিল তার।

গরু চুরির ঘটনায় পরিবারটি একেবারেই দিশেহারা হয়ে পড়ে। নাসিমা বেগমের কান্নাজড়িত আহাজারির খবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে সৌদি প্রবাসী আবুল কাশেমের।

পরবর্তীতে তিনি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। প্রায় ৪৬ হাজার টাকা ব্যয়ে একটি গাভী কিনে কালু বেপারি ও নাসিমা বেগমের হাতে তুলে দেন। গাভীটি পেয়ে অসহায় পরিবারটির মুখে ফিরে আসে হাসি।

মঙ্গলবার প্রবাসী আবুল কাশেমের পক্ষে গরুটি হস্তান্তর করেন গ্লোবাল টিভির ভোলা জেলা প্রতিনিধি ইয়ামিন হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন বাংলা টিভির জেলা প্রতিনিধি মো. মামুন এবং চ্যানেল এস-এর জেলা দক্ষিণ প্রতিনিধি মো. রিপন।

জানা গেছে, আবুল কাশেম শুধু গরু দিয়েই থেমে থাকেননি; তিনি কালু বেপারির দুই মেয়ের বিয়ের সম্পূর্ণ খরচ বহনের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এই অসহায় পরিবারটির যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন।

এলাকাবাসী জানান, প্রবাসী আবুল কাশেমের এই মানবিক উদ্যোগ সমাজের বিত্তবানদের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...