আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিজয়ের পরদিনই খাল খনন শুরু হবে: বিএনপি প্রার্থী মোশাররফ

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

বিজয়ের পরদিনই খাল খনন শুরু হবে: বিএনপি প্রার্থী মোশাররফ
কলাপাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভায় বিএনপি প্রার্থী এ বি এম মোশাররফ হোসেন। ছবি: আমার দেশ

বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের বিএনপি প্রার্থী এ বি এম মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। নির্বাচনে ১২ তারিখ বিজয়ী হলে ১৩ তারিখ থেকেই খাল খননের কাজ শুরু হবে।

শনিবার কলাপাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ‘পটুয়াখালী-৪ আসনের উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মোশাররফ বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে থার্ড ল্যাঙ্গুয়েজ চালু করা হবে এবং কুয়াকাটাকে কেন্দ্র করে পুরো অঞ্চলের ভাগ্য পরিবর্তন করা হবে।

এ বি এম মোশাররফ হোসেন বলেন, বিগত সরকার পায়রা বন্দরের নামে প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয় করেছে, কিন্তু এর প্রত্যাশিত সুফল এলাকাবাসী পায়নি। বরং বর্তমানে অন্তর্বর্তী সরকার মাতারবাড়ি বন্দর নিয়ে বেশি ব্যস্ত। তার দাবি, সমরাস্ত্র কারখানা পটুয়াখালী অঞ্চলে স্থাপন করা যেত, কিন্তু একটি বন্দর থাকার অজুহাতে তা না করে চট্টগ্রামের সঙ্গে চুক্তি করা হয়েছে।

তিনি আরো বলেন, ভারতের সঙ্গে একটি ইকোনমিক জোনের পরিকল্পনা বাতিল করে অন্য একটি দেশের কাছে তা হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ পটুয়াখালী অঞ্চলে প্রায় ৮ হাজার একর জমি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এসব জমি থাকা সত্ত্বেও সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন তিনি। বিএনপি ক্ষমতায় এলে এসব সম্ভাবনাময় প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, সামনে একটি চূড়ান্ত লড়াই অপেক্ষা করছে এবং সেই লড়াইয়ের জন্য প্রয়োজনীয় সৎ সাহস বিএনপির আছে।

তিনি এ সময় সাংবাদিকদের সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন, এলাকার সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরে বেশি বেশি লিখলে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন আরো সহজ হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন