বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফলে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। এই আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু-সহ চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, বরিশাল-৩ আসনে মোট প্রদত্ত ভোট ছিল ১ লাখ ৭৭ হাজার ৭১৬টি। নির্বাচন আইন অনুযায়ী জামানত রক্ষা করতে হলে কোনো প্রার্থীকে মোট প্রদত্ত ভোটের অন্তত সাড়ে ১২ শতাংশ (১/৮ অংশ) ভোট পেতে হয়। সে হিসেবে জামানত টিকিয়ে রাখতে ন্যূনতম ২২ হাজার ২১৪টি ভোট প্রয়োজন ছিল।
চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, চার প্রার্থীই প্রয়োজনীয় ভোটের কোটা পূরণে ব্যর্থ হয়েছেন। গোলাম কিবরিয়া টিপু (জাতীয় পার্টি–লাঙ্গল) পেয়েছেন ১৪ হাজার ১৮৪ ভোট। মুহাম্মাদ সিরাজুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ–হাতপাখা) পেয়েছেন ১৬ হাজার ৩২৫ ভোট। ইয়ামিন এইচ এম ফারদিন (স্বতন্ত্র–ট্রাক) পেয়েছেন ৮৬০ ভোট। আজমুল হাসান জিহাদ (মই) পেয়েছেন ২১৪ ভোট।
বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৩ আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এখান থেকে একাধিকবার নির্বাচিত প্রতিনিধি গোলাম কিবরিয়া টিপুর মতো প্রার্থীর জামানত হারানোকে স্থানীয় রাজনীতির সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
স্থানীয় ভোটারদের একটি বড় অংশের মতে, প্রার্থীদের ব্যক্তিগত জনপ্রিয়তা, তৃণমূল পর্যায়ে সক্রিয়তা এবং মাঠ-পর্যায়ের প্রচারণার ঘাটতির প্রতিফলনই এবারের ভোটের ফলাফলে স্পষ্টভাবে উঠে এসেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

