দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে অবহেলা ও অযত্নে পড়ে থাকা বরিশাল সদর উপজেলা পরিষদের নতুন ভবন সংলগ্ন জরাজীর্ণ পুকুরটির হারানো সৌন্দর্য ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার সকাল ৯টায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর সহযোগিতায় পুকুরটির পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
বরিশালের জেলা প্রশাসক (ডিসি) মো. মামুন খন্দকার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সরাসরি পুকুরে নেমে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। দীর্ঘদিনের অবহেলিত এই জলাশয়টি পরিচ্ছন্ন করার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
খোঁজ নিয়ে জানা গেছে, দুই যুগের বেশি সময় ধরে অযত্ন ও অবহেলায় পড়ে থাকায় পুকুরটিতে ময়লা-আবর্জনা জমে এর স্বাভাবিক সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হয়ে যায়। উপজেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের চত্বরে থাকা জলাশয়টির এমন অবস্থা থেকে উত্তরণে উদ্যোগ নেন ইউএনও ফরিদা সুলতানা। এর অংশ হিসেবেই আজ সকালে বিডি ক্লিনের প্রায় দেড় শতাধিক স্বেচ্ছাসেবীকে সঙ্গে নিয়ে এ অভিযান চালানো হয়।
সরকারি স্থাপনার সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগের পাশাপাশি নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা বলেন, দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুরটি পরিষ্কারের মাধ্যমে এর রূপান্তরের কাজ শুরু হলো। পরিচ্ছন্নতা অভিযান শেষে পুকুরটির সৌন্দর্যবর্ধনে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন করে এটিকে একটি দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব জলাশয়ে রূপ দিতে বিভিন্ন প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে।
বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনাসহ জনগুরুত্বপূর্ণ স্থানে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম চলমান রয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবেই বরিশাল সদর উপজেলা পরিষদের দীর্ঘদিনের অপরিচ্ছন্ন পুকুরটি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্দেশ্য শুধু ময়লা-আবর্জনা অপসারণ নয়, বরং মানুষের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস ও পরিবেশ রক্ষার সচেতনতা তৈরি করা। এ ধরনের উদ্যোগ সরকারি প্রতিষ্ঠানের আঙিনা থেকে শুরু করে সামাজিক ও জনপরিসরে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

