বরিশালে ব্যবসায়ীর হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বরিশাল অফিস

বরিশালে ব্যবসায়ীর হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বরিশালের বানারীপাড়ায় মো. মিন্টু নামে এক ব্যবসায়ীকে আটকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। শনিবার দুপুরে বানারীপাড়া পৌরসভার টিএনটি মোড়-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসে।

মো. মিন্টু বরিশালের বানারীপাড়া উপজেলা সদর ইউনিয়নের রাজ্জাকপুর এলাকার বাসিন্দা। তিনি মাইকের ব্যবসা করেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, মাইক ব্যবসায়ী মিন্টুর বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে তাকে আটক করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা। এ সময় তিনি ও তার সহযোগীরা মিলে মিন্টুর হাত-পা বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। পরে নির্যাতনের একটি ভিডিও রফিক সরদার নামে ফেসবুক পেজ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। তা নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি কর্মী বলেন, মিন্টুর বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ আছে। এজন্য তাকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল। এভাবে প্রকাশ্যে মারধরের কোনো প্রয়োজন ছিল না।

এ বিষয়ে জানতে রিয়াজ মৃধাকে ফোন করা হলে তিনি রেগে যান। মারধরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো তথ্য দিতে অস্বীকার করেন এবং একপর্যায়ে কল কেটে দেন।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, কাউকে আটক করে মারধর ও নির্যাতন বিষয়ে তিনি জানেন না। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন