কাউখালীতে শ্রীগুরু সংঘের কমিটিতে বিতর্কিতদের অন্তর্ভুক্তির অভিযোগ

নিকুঞ্জ বালা পলাশ, বরিশাল

কাউখালীতে শ্রীগুরু সংঘের কমিটিতে বিতর্কিতদের অন্তর্ভুক্তির অভিযোগ

পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের আবির্ভাব উৎসবকে সামনে রেখে গঠিত সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা উপ-কমিটিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের স্থান পাওয়ার অভিযোগ উঠেছে। এমনকি উপজেলা প্রশাসন কর্তৃক ঘোষিত এই কমিটিতে বিস্ফোরক এবং বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ হত্যা মামলার আসামিরাও স্থান পেয়েছেন। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদিত এই কমিটিকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

শুধু সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা উপ-কমিটিই নয়, কেন্দ্রীয় কমিটির সভাপতিসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদেও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পদধারী নেতারা রয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন মামলার আসামিদের নতুন কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর এক-দুদিনের মধ্যে নতুন সংশোধিত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

সূত্রে জানা যায়, পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের কেন্দ্রীয় কমিটিতে একাধিক ভারতীয় নাগরিকসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা স্থান পেয়েছেন। অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর ধরে সংগঠনের একটি প্রভাবশালী অংশ প্রভাব বিস্তার করে আশ্রম পরিচালনা কমিটির সদস্য হন। ৫ আগস্টের পটপরিবর্তনের পরও তারা কমিটিতে বহাল রয়েছেন। কমিটির সভাপতিসহ গুরুত্বপূর্ণ পদে আসীন থাকা এসব নেতার বিরুদ্ধে বিস্ফোরকসহ বিভিন্ন মামলা থাকায় তারা গ্রেপ্তার এড়াতে আশ্রমকে ঢাল হিসেবে ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে।

এ নিয়ে আশ্রমের অন্যান্য সদস্যদের মধ্যে বিরোধ দেখা দিলে আদালতে মামলা দায়ের করা হয়, যার ফলে আশ্রমে অচলাবস্থা ও দুটি পক্ষের সৃষ্টি হয়। আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য শ্রীগুরু সংঘের আবির্ভাব উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত সোমবার পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারকে প্রশাসক এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে বিবাদমান পক্ষের সদস্যদের নিয়ে ১১৮ সদস্যের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা উপ-কমিটি গঠন করা হয়। এই আহ্বায়ক কমিটি উৎসব পরিচালনা করবে এবং পরবর্তীতে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নতুন কমিটি গঠন করবে—এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এদিকে গত মঙ্গলবার উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত ওই কমিটিতে বিস্ফোরকসহ বিভিন্ন মামলার আসামি এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের নাম থাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আশ্রমের একটি পক্ষ তথ্য গোপন করে উপজেলা প্রশাসনকে ভুল বুঝিয়ে এই কমিটি অনুমোদন করিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

তালিকায় থাকা বিতর্কিতদের মধ্যে ৫৯ নম্বর সদস্য হৃদয় দে কাউখালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং বিস্ফোরক ও বিএনপি অফিস ভাঙচুর মামলার আসামি। ৪১ নম্বর সদস্য সুনিল কুন্দু কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বিস্ফোরক ও বিএনপি অফিস ভাঙচুর মামলার আসামি। এ ছাড়া ৪৩ নম্বর সদস্য সজল দে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, ৪৬ নম্বর সদস্য সমরেশ দে ভুট্টো উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, ৫৮ নম্বর সদস্য রাহুল দে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২৫ নম্বর সদস্য মানিক লাল কর কাউখালী উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক। ৭২ নম্বর সদস্য মৃদুল দে কাউখালী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১১১ নম্বর সদস্য ত্রিদেব রায় বানারিপাড়া উপজেলা যুবলীগের সদস্য এবং ২ নম্বর সদস্য পরিমল কর্মকার বামনা উপজেলা আওয়ামী লীগের নেতা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, তালিকায় ৭৬ নম্বর সদস্য দুলাল সাহা গত দুই বছর আগে এবং ১০৫ নম্বর সদস্য সঞ্জীব কর্মকার গত এক বছর আগে মারা গেলেও তাঁদের নামও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া শ্রীগুরু সংঘের সদস্য নন এমন ৫ জনকেও নতুন কমিটির তালিকায় রাখা হয়েছে।

কমিটির নির্বাহী সভাপতি পরিমল কর্মকার বামনা উপজেলা আওয়ামী লীগের নেতা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বামনা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সহ-সভাপতি অসীম কুমার রায় ঝালকাঠি সদরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ভারতীয় নাগরিক রতন লাল করের ভগ্নিপতি। তাঁর স্ত্রী-সন্তানরাও ভারতীয় নাগরিক বলে জানা গেছে। একইভাবে কমিটির সাধারণ সম্পাদক রনঞ্জয় দত্তও ভারতীয় নাগরিক। ২০২৫ সালে আশ্রমের কেন্দ্রীয় কমিটি গঠনের পর একটি জাতীয় দৈনিকে তাঁর বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশের পরদিন তিনি গোপনে ভারতে পালিয়ে যান এবং আর ফেরেননি।

সহ-সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল কাউখালীর ৩ নম্বর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। অন্য সহ-সাধারণ সম্পাদক রতন লাল কর একজন ভারতীয় নাগরিক; তাঁর বিরুদ্ধে হুন্ডি ব্যবসা এবং ভারতীয় শাড়ির আড়ালে সোনা চোরাচালানের অভিযোগ রয়েছে এবং এ নিয়ে কাউখালী থানায় একটি জিডিও রয়েছে। সহ-সাধারণ সম্পাদক কমল কৃষ্ণ দত্ত পটুয়াখালী জজ কোর্টের সাবেক অতিরিক্ত পিপি (এ্যাডিশনাল পিপি)। দপ্তর সম্পাদক কমল কৃষ্ণ ঘড়াইও ভারতীয় নাগরিক।

সহ-প্রচার সম্পাদক নেপাল দের বড় ছেলে হৃদয় কাউখালী ছাত্রলীগের সহ-সভাপতি ও বিএনপি অফিস ভাঙচুর মামলার আসামি এবং ছোট ছেলে মৃদুল দে কাউখালী কলেজ শাখার সাধারণ সম্পাদক। সহ-প্রচার সম্পাদক পার্থ প্রীতম সমদ্দার কাউখালী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং তিনি ভারতীয় দ্বৈত নাগরিক। সহ-প্রচার সম্পাদক অলোক কর্মকার কাউখালী উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক সুব্রত রায় বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। সহ-সংঘ সমন্বয়কারী বঙ্কিম সাহা কাউখালী সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য। পরিকল্পনা সম্পাদক মানিক লাল কর তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক এবং তিনি ভারতীয় নাগরিক রতন করের ভাই। সহ-পরিকল্পনা সম্পাদক সজল দে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং তিনিও ভারতীয় দ্বৈত নাগরিক।

অর্থ আত্মসাৎ ও স্থানীয়দের ক্ষোভ

সূত্র জানায়, শ্রীগুরু সংঘের সারা দেশে ১০৮টি শাখা ও আশ্রম রয়েছে। আবির্ভাব উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা কেন্দ্রীয় আশ্রমে অনুদান ও প্রণামী প্রদান করেন, যেখানে প্রতি বছর কয়েক কোটি টাকা জমা হয়। অভিযোগ রয়েছে, গত ১০ বছর ধরে রনঞ্জয় কৃষ্ণ দত্ত ও রতন লাল করসহ একটি চক্র সংঘের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে ভারতে পাচার করেছেন। প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাননি।

শ্রীগুরু সংঘের শিষ্য বিশ্বজিৎ বিশ্বাস জানান, একটি শ্রেণি আশ্রমটিকে নিজেদের পৈত্রিক সম্পত্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বানিয়েছে। এখানে কোনো ধর্মীয় চর্চা হচ্ছে না, চলছে ক্ষমতার লড়াই। ধর্মকে ব্যবহার করে রতন করসহ ভারতীয় নাগরিকরা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছেন।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, পূর্বের কমিটিতে যারা ছিলেন, তারাই নতুন কমিটিতে নাম দিয়েছেন। নতুন কমিটিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মামলার আসামিদের অন্তর্ভুক্ত করার বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি সামনে আসার পর নতুন সংশোধিত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী এক-দুদিনের মধ্যেই নতুন কমিটি ঘোষণা করা হবে, যেখানে কোনো পদধারী নেতা কিংবা দুষ্কৃতিকারীর স্থান হবে না।

এদিকে এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারকে একাধিকবার ফোন করা হলেও তিনি সংযোগ কেটে দেন, ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন