জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, অবরুদ্ধ ভিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, অবরুদ্ধ ভিসি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়ন করে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর সিনিয়রিটি, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা প্রদানের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো উপাচার্যের (ভিসি) দপ্তর ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বিজ্ঞাপন

এ দিন আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরাও পাল্টা কর্মসূচি দিয়ে ক্যাম্পাস প্রদক্ষীণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিকেল ৩টার দিকে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা ও অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

সোমবার সকাল থেকে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি চলে। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন। অন্যদিকে পাল্টা কর্মসূচি ঘিরে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আন্দোলনকারীরা প্রধান ফটক বন্ধ করে লকডাউন ঘোষণা করলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।

সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ তার দপ্তরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক চলছিল। তবে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে কোটি কোটি টাকা ব্যয় করছে। তাদের দাবি, ২০টি প্রকল্পে প্রায় ২৫০ কোটি টাকা খরচ করা হচ্ছে, যার অধিকাংশই প্রয়োজনীয় নয়। সংস্কারের নামে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ও টেকসই ভবনের কাঠামো পরিবর্তন করে হেরিটেজ ধ্বংস করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। তাদের ভাষ্য, বিভিন্ন প্রকল্প ও খাতে বিপুল অর্থ ব্যয় করা হলেও দীর্ঘদিনের বঞ্চনার শিকার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য পাওনা পরিশোধে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেই।

অধিকারবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মিয়া হোসেন রানা। সমাবেশ সঞ্চালনা করেন মো. আকরাম হোসেন।

বক্তারা বলেন, ২০২৫ সালের ২৭ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে জীবিতদের পুনর্বহাল এবং চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করে সিনিয়রিটি অক্ষুণ্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু চাকরিতে ফিরে আসার পরও তারা প্রাপ্য সিনিয়রিটি, পদোন্নতি ও আর্থিক সুবিধা পাচ্ছেন না। একই প্রতিষ্ঠানে দুই ধরনের বেতননীতি চলতে পারে না উল্লেখ করে তারা বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান।

উল্লেখ্য, চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ ও ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করে তাদের পুনর্বহালের নির্দেশ দেন। তবে রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার অভিযোগে রোববার থেকে আন্দোলনে নেমেছেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মিয়া হোসেন রানা, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. অহিদুজ্জামান নান্নু, ডেপুটি রেজিস্ট্রার হেলাল উদ্দিন, তৌফিক আজিজ চৌধুরী জিয়া, মো. খুরশিদ আলম ও মো. আমির হোসেন; সহকারী পরিচালক মো. সাহাবুদ্দিন, মো. সহিদুল ইসলাম বাদল, মো. সাইফুল ইসলাম, মো. বিল্লাল হোসেন, মো. জলিলুর রহমান, মো. আশরাফুজ্জামান পলাশ, মো. নুরুজ্জামান, মো. নাসির উদ্দীন, মো. আলমগীর হোসেন, মো. রবিউল ইসলাম, মো. সফিকুল ইসলাম বাদল ও মো. মিয়াজ উদ্দিন; সেকশন অফিসার মো. রোমেল দেওয়ান, মো. মোজাম্মেল হক লিটন ও মো. ইয়াকুব মিয়া। এ ছাড়া মো. জাকিরুল ইসলাম বিপ্লব, মো. আতাউর রহমান চঞ্চল, মো. মাসুদ রানা, মো. মাসুদুর রহমান, মো. আশরাফুল আলম, মো. ইলিয়াস হোসেন, ড. ফারুক আহমেদ শিপন, মো. মিয়া আল হারুন, সরদার মো. নুরুজ্জামান ও মো. তারিকুল ইসলাম প্রমুখ।

সমাবেশে কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আফজাল হোসেন, নিম্নমান সহকারী মো. আরিফুল ইসলাম, উচ্চমান সহকারী মো. আব্দুস সালাম, চালক মো. আবু বকর সিদ্দিক এবং অফিস সহায়ক মো. মনির হোসেন ও মো. মোরশেদ আলম উপস্থিত ছিলেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন