আমি সম্মান ও সুনামের সাথে মরতে চাই: স্পিকার

উপজেলা প্রতিনিধি, লালমোহন (ভোলা)

আমি সম্মান ও সুনামের সাথে মরতে চাই: স্পিকার
ছবি: আমার দেশ

জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে লালমোহন উপজেলাবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা অডিটোরিয়াম রুমে লালমোহন নাগরিক ফোরামের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মেজর হাফিজ বলেন, আমি এখানে সংবর্ধনা নিতে আসিনি। আমি লালমোহন-তজুমদ্দিনের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছি। নির্বাচনের দুই মাস পর আমি এলাকায় এসেছি শুধুমাত্র এই এলাকার মানুষের কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য। স্পিকার হওয়ার কারণে আমার অনেক ব্যস্ততা বেড়ে গেছে। তাই ইচ্ছে করলেই আমি এলাকায় আসতে পারি না। সংসদে দেশের আইন তৈরি করে রাজনৈতিক দলগুলো আর আমি স্পিকার হিসেবে শুধু গাইড করি। আমি সম্মান ও সুনামের সাথে মরতে চাই।

বিজ্ঞাপন

তিনি বলেন, ভোলা-বরিশাল সেতু এ অঞ্চলের মানুষের ন্যায্য ও প্রাণের দাবি। এ প্রকল্প বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন। পাশাপাশি ভোলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। উপস্থিত জনসাধারণের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, মেডিকেল কলেজটি যাতে লালমোহনে হয় তার জন্য আমি প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করবো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন