বরগুনায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ি স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। বর্তমানে অসুস্থ শিক্ষার্থীরা বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অসুস্থ শিক্ষার্থীরা হলো—হাবিবা, জান্নাতি, ইয়াসমিন, মিম, ঐশী, রিয়া মনি, মনিরা, রুমি ও কারিমা। তারা সবাই ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্কুল সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই ক্লাস চলাকালে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় বিদ্যালয়ের সামনে থাকা একটি তালগাছে বজ্রপাত হলে বিকট শব্দে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। বিশেষ করে তৃতীয় তলায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা বেশি ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে।
সহকারী শিক্ষক মো. ওবায়দুল কবির বলেন, বজ্রপাতের শব্দে কয়েকজন শিক্ষার্থী শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের অন্য শিক্ষার্থীদের সহায়তায় আলাদা কক্ষে নিয়ে প্রাথমিকভাবে সেবা দেওয়া হয়। এরপর ফুলঝুড়ি উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ১১ জনকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
নবম শ্রেণির শিক্ষার্থী মোসা. জান্নাতি জানান, “আমাদের ক্লাস চলাকালে ঝড় শুরু হয়। হঠাৎ বিদ্যালয়ের সামনের তালগাছে বজ্রপাত হলে বিকট শব্দে অনেকে ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে।”
আরেক শিক্ষার্থী রিফা বলেন, “বজ্রপাতের শব্দ এতটাই ভয়াবহ ছিল যে অনেকেই আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে।”
ফুলঝুড়ি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বশির হোসেন বলেন, “হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে আমরা সবাই ক্লাসে ছিলাম। বজ্রপাতের বিকট শব্দে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। আমরা দ্রুত তাদের হাইজিন কর্নারে নিয়ে প্রাথমিক সহায়তা দিই এবং পরে হাসপাতালে পাঠাই।”
বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. মাহফুজুর রহমান বলেন, “শিক্ষার্থীরা মূলত বজ্রপাতের শব্দে ভয় পেয়ে অসুস্থ হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা গুরুতর নয়। প্রয়োজন অনুযায়ী পর্যবেক্ষণ ও চিকিৎসা দেওয়া হচ্ছে।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

