বাগেরহাটে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাদিউজ্জামান হিরোর বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে শহরের হরিণখানা এলাকায় তাঁর বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং একটি স্প্লিন্টার ঘরের ভেতরে প্রবেশ করে। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না বিএনপি নেতা। সিসিটিভি ফুটেজে এক যুবককে বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে যেতে দেখা গেছে।
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাদিউজ্জামান হিরোর বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত গভীর রাতে শহরের হরিণখানা এলাকায় তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে বাড়ির জানালার একটি কাচ ভেঙে যায়। এ ছাড়া একটি স্প্লিন্টার ঘরের ভেতরে প্রবেশ করে। তবে ঘটনার সময় বাসায় ছিলেন না বিএনপির ওই নেতা।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ।
বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ১টা ২৩ মিনিটে এক যুবক বাড়ির সামনে এসে একটি বস্তু নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনার বিষয়ে বিএনপি নেতা সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাদিউজ্জামান হিরো বলেন, রাত দুইটার দিকে ঢাকা থেকে বাসায় ফেরার পথে বাড়ির সামনে লোকজনের ভিড় দেখে তিনি ঘটনার বিষয়ে জানতে পারেন। তাঁর অভিযোগ, সারা দেশে যে নৈরাজ্য ও সহিংসতা চলছে, তারই অংশ হিসেবে তাঁর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এদিকে খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
জেলা বিএনপির সাবেক সমন্বয়ক এম এ সালাম বলেন, ঘটনার খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত উদ্ধার করেছি, সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

