বরিশালে গ্রামীণ ব্যাংকসহ দুই স্থানে অগ্নিসংযোগ

বরিশালে গ্রামীণ ব্যাংকসহ দুই স্থানে অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত

বরিশালে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস ও বিএম কলেজের সামনে অগ্নিসংযোগেরও ঘটনা ঘটেছে। বুধবার ভোর রাতে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে অজ্ঞাতনামা উল্লেখ করে বরিশাল কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকেই আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি জহিরুল ইসলাম জানান, ভোর সাড়ে ৪টার দিকে একদল দুস্কৃতকারী নগরীর সিঅ্যান্ডবি সড়কের পাশে থাকা গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে অগ্নিসংযোগের চেষ্টা করে। তারা পেট্রোল ঢেলে ৩ তলা ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তবে ভবন মালিক ও আশপাশের লোকজন টের পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলে। এতে তেমন কোনো ক্ষতি হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে প্রায় একই সময়ে বিএম কলেজের মসজিদ গেটের সামনে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত পরিচয়ধারী ৭/৮ জনের একটি দল । সেখানেও আশপাশের লোকেরা টের পেয়ে এগিয়ে এলে দুস্কৃতকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে দুটি ঘটনাস্থলই পরিদর্শন করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

এ বিষয়ে বরিশাল মেট্রপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার আমার দেশকে বলেন, রাতের আঁধারে কতিপয় দুস্কৃতকারী সুযোগ বুঝে এমন ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে গেছে। ঘটনাস্থল দুটির আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে অগ্নিসংযোগকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থায় নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন