উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

বরিশাল অফিস

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

উত্তরাধিকার সূত্রে আমরা একটা পঙ্গু অর্থনীতি পেয়েছি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। সোমবার রাত সাড়ে আটটার দিকে বরিশালের গৌরনদী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আরো বলেন, সবাই আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। তিনমাসের মধ্যেই আমাদের ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিতে হয়েছে। কারণ সরকার যে ঘাটতি পেয়েছি এই ঘাটতি মোকাবেলা করা খুব কঠিন হয়ে যাবে। ভ্যাট থেকে যে টাকা-পয়সা আসে তাতে বাজেটের অর্ধেকও হয়না। বাকি অর্ধেক টাকা কিন্তু নানান ভাবে যোগার করতে হয়। সেই কারণে আমরা উত্তরাধিকার সূত্রে একটা পঙ্গু অর্থনীতি পেয়েছি।

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী বলেন, সমাজতো ভেঙ্গে গিয়েছে, কোথাও কোন সামাজিক শৃঙ্খলা নাই। প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো বিশেষ করে পুলিশ প্রশাসন এবং আমলাতন্ত্র নানান রকম বিষাক্ত পরিবেশ সেখানে হয়ে আছে। নির্বাচনের পরপর এই মুহূর্ত পর্যন্ত একটা হানিমুন পিরিয়ড চলছে আমাদের। এটা হয়তো বেশিক্ষণ থাকবেনা। মানুষ তার নিজের চাওয়া-পাওয়া নিয়ে আমাদের মুখোমুখি দাঁড়াবে এবং কোন ভুল করলে কেউ আমাদের ছাড়বেন। এখনকার যুগে কোন ভুল ছড়িয়ে পড়তে সময় লাগেনা। দুপুর বেলায় ভুল করলে বিকেলে আমার বিরুদ্ধে মিছিল হবে। এখনকার যুগ তাই।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আরো বলেন, সরকার এবং রাষ্ট্রের ক্ষমতা আগের মত না। জনগণের কমিউনিশনের কারণে জনগণ এখন অনেক বেশি ক্ষমতার মালিক। শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে তা প্রমাণ হয়ে গেছে যে, যত বাহিনী গুছিয়ে রাখা হোক না কেন যদি জনগণের অনুমোদন না থাকে তাহলে ক্ষমতায় টিকে থাকা যায়না। গুলি করে মানুষ মেরে মেরে ক্ষোভ দমন করা যায়না। এই শিক্ষাগুলো কিন্তু আমাদের সামনে আছে। এজন্য জনগণের ক্ষমতা, ভোটের ক্ষমতা হলো সবচেয়ে শক্তিশালী ক্ষমতা। সবকিছুর মালিক জনগণ এই ভয়টা যদি সরকার হিসেবে আমাদের মধ্যে থাকে তাহলে আমরা একটা জবাবদিহিতার মধ্যে থাকতে পারবো। আমরাও চাই জবাবদিহিতার এই শক্তিটা সজাগ থাকুক।

উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল হোসেন মিয়া, জেলা উত্তর বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন