বরিশালের উজিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা ইকবাল হাওলাদারের ব্যবসা প্রতিষ্ঠানে গভীর রাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। এতে দোকানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বিএনপি নেতা ইকবাল হাওলাদার অভিযোগ করেন, জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে রাতের আঁধারে তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনার বিষয়ে উজিরপুর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক মো. রিয়াজ মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

