নেছারাবাদে কাঠবোঝাই ট্রলার ডুবি, মাঝির লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদে কাঠবোঝাই ট্রলার ডুবি, মাঝির লাশ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় কাঠবোঝাই একটি স্টিল বডি ট্রলার ডুবে কামাল বাহাদুর (৩৮) নামে এক ট্রলার শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ডুবে যাওয়া ট্রলারের কেবিন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত কামাল বাহাদুর পিরোজপুরের নাজিরপুর উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা এবং মো. হালিম বাহাদুরের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, “ফিয়ানা-ফাতেমা” নামে কাঠবোঝাই ট্রলারটি বৃহস্পতিবার বিকেলে নেছারাবাদ উপজেলার বালিহারী খালের হাজ্বী আব্দুর রহমানের বাড়ির সামনের ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছায়। খালে ভাঁটা থাকায় ট্রলারটি ব্রিজের দুই পিলারের মাঝখানে বেঁধে রাখা হয়। পরে ট্রলারের সুকানি কামাল বাহাদুর কেবিনে ঘুমিয়ে পড়েন।

রাত আনুমানিক ২টার দিকে জোয়ারের পানি বৃদ্ধি পেলে প্রবল স্রোতের চাপে ট্রলারটি ডুবে যায়। এ সময় ঘুমন্ত অবস্থায় কামাল বাহাদুর কেবিনের ভেতরে আটকা পড়ে পানিতে তলিয়ে যান।

শুক্রবার সকালে ট্রলারের মালিক নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মো. রিফাত ঘটনাটি জানতে পেরে স্থানীয়দের নিয়ে ঘটনাস্থলে আসেন। পরে নেছারাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় ডুবুরি হায়দারের সহযোগিতায় উদ্ধার অভিযান চালানো হয়। দীর্ঘ চেষ্টার পর দুপুরে ট্রলারের কেবিন থেকে কামাল বাহাদুরের লাশ উদ্ধার করা হয়।

নেছারাবাদ থানার ওসি মেহেদি হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...