আজ বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

আজ বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ
আজ-বরিশালে-১১-দলীয়-ঐক্যের-বিভাগীয়-সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আজ শনিবার বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুপুর ২টায় এ সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। উপস্থিত থাকবেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ জোটের কেন্দ্রীয় নেতারা।

সমাবেশ ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন জোটের স্থানীয় নেতারা। বিভাগীয় সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে জোটের নেতাকর্মীরা রাত-দিন কাজ করছেন। এ বিষয়ে গত বৃহস্পতিবার বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ১১ দলীয় ঐক্যের নেতারা।

বিজ্ঞাপন

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল আমার দেশকে জানান, সমাবেশ ঘিরে সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বরিশালের সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, এদিন সমাবেশে আমরা কয়েক লাখ মানুষের সমাগম করতে চাই। সে অনুযায়ী বিভাগজুড়ে প্রতিটি জেলা ও উপজেলায় একাধিক প্রস্তুতি সভা করা হয়েছে। একইভাবে এনসিপিসহ ১১ দলীয় জোটের অন্যান্য শরিকেরাও তাদের মতো করে প্রস্তুতি নিয়েছে।

হেলাল বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায়, গণভোটের জনরায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে বরিশাল বিভাগীয় সমাবেশ হবে গণমানুষের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর। তিনি সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে সমাবেশ সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এদিকে বিভাগীয় সমাবেশ সফল করতে জামায়াতে ইসলামী বরিশাল জেলা ইউনিটের উদ্যোগে একাধিক বিশেষ প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এসব প্রস্তুতি সভায় জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান ও ড. মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, জেলা কর্মপরিষদ সদস্য আবু মুনিম ও মাসউদুর রহমান শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

এ বিষয়ে বরিশাল জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে এ সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে জেলা জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাজ করছেন।

জামায়াতের দলীয় সূত্র জানায়, আজ দুপুর ২টায় বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশে শুরু হবে।

বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখবেন—বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আমার বাংলাদেশ পার্টির (এবিপি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চানসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন