বরগুনার আমতলী উপজেলার মাদক সিন্ডিকেটের মূল হোতা রাসেল হাওলাদারকে হেরোইনসহ পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দুপুরে তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার গ্রেপ্তারে এলাকার মানুষে মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা রাসেলের কঠোর শাস্তি দাবি করেছেন।
জানা গেছে, আমতলী উপজেলায় দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের মৃত বারেক হাওলাদার ছেলে রাসেল হাওলাদার গত ১২ বছর ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
তিনি উপজেলার মাদক বিস্তারের গডফাদার। প্রত্যন্ত গ্রামাঞ্চলে গড়ে তুলেছেন নিজস্ব নেটওয়ার্ক। বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী তার নেটওয়ার্কে যুক্ত হয়েছেন। মাদকের সফল ব্যবসায়ী হওয়ায় তিনি এর সঙ্গে তার স্ত্রী, দু’ভাই রুবেল হাওলাদার ও সজিব হাওলাদারকে যুক্ত করেছেন। তারা উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষুদ্র বিক্রেতাদের কাছে মাদক পৌঁছে দেন এবং অর্থ আদায় করে।
অভিযোগ রয়েছে, রাসেলের সঙ্গে পুলিশ, র্যাব, ডিবি ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজনের সঙ্গে সখ্যতা রয়েছে। তারা তার বাড়িতে অবাদে আসা-যাওয়া করেন। রাসেলের বিরুদ্ধে আমতলী থানায় ৯টি এবং স্ত্রীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তাকেও পুলিশ গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ তার বাড়ীতে অভিযান চালায়। পরে তার ঘর থেকে পুলিশ এক গ্রাম হিরোইন ও হিরোইন পরিমাপ যন্ত্র ও প্যাকেজিং মেশিন উদ্ধার এবং তাকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
শুক্রবার দুপুরে পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, মাদক সিন্ডিকেটের মুল হোতা রাসেল হাওলাদারের কব্জায় পরে উপজেলার অনেক পরিবারের মাদকের নেশায় যুক্ত হয়ে পথে বসেছে। তার পরিবারের সকলেই মাদক বিক্রির সঙ্গে জড়িত। তারা আরো বলেন, রাসেলের বাড়ীতে পুলিশ, র্যাব, ডিবি ও মাদক অধিদপ্তরের লোকজন আসা-যাওয়া করে। তারা রাসেলের কঠোর শাস্তি দাবী করেছেন।
আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন বলেন, আদালতের বিচারকের নির্দেশে মাদক বিক্রেতা রাসেলকে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, মাদক সিন্ডিকেটের মুল হোতা রাসেল হাওলাদারের বিরুদ্ধে আমতলী থানায় ৯ টি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

