বরিশালে প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড, তদন্ত কমিটি গঠন

বরিশালে প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড, তদন্ত কমিটি গঠন

বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সরকারি টিফিনের রুটির ভেতর থেকে ধারালো ব্লেড পাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।

বিজ্ঞাপন

ঘটনার পর বৃহস্পতিবার বিকেলে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২২ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রথম শ্রেণির ছাত্রী আলমতাজ সরকারি টিফিনের রুটি খাওয়ার সময় সেটি ছিঁড়লে ভেতরে একটি ব্লেড দেখতে পায়। পরে সে বিষয়টি শ্রেণিশিক্ষক শারমিন জাহানকে জানায়। রুটিটি খাওয়ার আগেই ব্লেডটি দেখতে পাওয়ায় ওই শিক্ষার্থীর কোনো শারীরিক ক্ষতি হয়নি।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সায়ফুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে জানানো হয়েছে।

রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রকল্প পরিচালক শাহ আলম খান বলেন, কোকাকোলা ম্যানুফ্যাকচারিং নামের একটি কোম্পানি থেকে স্কুলগুলোতে রুটি সরবরাহ করা হয়। স্বয়ংক্রিয় পদ্ধতিতে রুটি তৈরি হওয়ায় এর মধ্যে বড় কোনো ধাতব বস্তু থাকার কথা নয়। তারপরও কীভাবে এটি ঘটেছে, তা সংশ্লিষ্ট কোম্পানির মেটাল ডিটেকশন ব্যবস্থা যাচাই করলে জানা যাবে।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, বিষয়টি জানার পর তিনি বিদ্যালয় পরিদর্শন করেছেন এবং ব্লেড পাওয়া রুটিটি সংগ্রহ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিষয়টি জানার পরও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করতে দেরি হওয়ায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন