পটুয়াখালীর কুয়াকাটায় ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। এসময় মাদকপাচার কাজে ব্যবহৃত ১টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে লেম্বুর বন এলাকায় র্যাব ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এফবি মায়ের দোয়া নামে একটি ফিশিং ট্রলারে অভিযান চালিয়ে সাদা একটি পলিতে হলুদ স্কচটেপ মোড়ানো অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার বেলা ১২টায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোন।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও র্যাব যৌথ অভিযান চালিয়ে এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলার থেকে ১ লাখ পিস ইয়াবা এবং সমু্দ্র মোহনায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ১৬ জন পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন মোফাচ্ছেল হোসেন (৬০), ছবুর আহম্মদ (৫৪), নবি হোসেন (৫৩), মনির উদ্দিন (৪৮), মোস্তাক আহম্মদ (৪৮), তহিদুল আলম (৪৮), মোবারক হোসেন (৪৫), সেলিম মাঝি (৪২), আবু তালেব (৪০), ফজলে করিম (৪০), আব্দুল খালেক (৪০), খলিল আহম্মদ (৩৯), সোয়দ আলম (৩৭), আব্দুল নবী (৩০), আলফাত (৩০) ও ওমর ফারুক (২৮)।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (ইলেকট্রিক্যাল) লে. কমান্ডার মো. তানভীর আজবাল সাংবাদিকদের সামনে ব্রিফ করে বলেন, ‘ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪ লাখ পিস ইয়াবাসহ একটি ফিশিং ট্রলার জব্দ করা হয়েছে। ১৬ জন পাচারকারীকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইয়াবাসহ মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

