ফ্যাসিবাদের বিচার গোপনে নয়, উপযুক্ত আদালতে হবে: আইনমন্ত্রী

ফ্যাসিবাদের বিচার গোপনে নয়, উপযুক্ত আদালতে হবে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, জুলাই বিপ্লবীদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা। ফ্যাসিবাদের সুযোগ দিতে পারিনা। বাংলাদেশে ফ্যাসিবাদের বিচার হবে। ফ্যাসিবাদের বিচার গোপনে নয়, উপযুক্ত আদালতে বিচার হবে।

বিজ্ঞাপন

রোববার দুপুরে বরিশালের আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত ১০ তলা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আইনজীবীদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা শুনে আইনমন্ত্রী আরো বলেন, বরিশাল বারের সংস্কারের জন্য ২০ লাখ টাকা এবং বই কেনার জন্য আপাতত পাঁচ লাখ টাকা দিলাম। আর ভবন নির্মাণের জন্য যা যা করা দরকার, তা করা হবে।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এই সরকার ছয় মাসের মধ্যে দেশের মানুষের মধ্যে আস্থা ও ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করেছে। আমরা বলছি, সংকট আছে। সেই সংকট সমাধানের চেষ্টা করছি। মানুষকে মিথ্যা আশ্বাস আমরা দেই না।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, আজকে যারা গুপ্ত-সুপ্ত আছে, তারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিলেন। বিএনপি ক্ষমতায় এসে ফ্যামিলি কার্ড চালু করেছে। আগামী পাঁচ বছরে দেশের সব পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে।

বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত ১০ তলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন এমপি, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন