বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ফেনীর দুই অস্ত্র চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সালাহউদ্দিন আকবর (৪৪) ও সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের ইবনে জাহিদ (৩৪)।
তাদের মধ্যে সালাহউদ্দিন আকবর সোনাগাজী উপজেলা সমবায় দলের আহ্বায়ক এবং ইবনে জাহিদ সদর উপজেলা শ্রমিক দল এবং কৃষক দলের নেতা হিসেবে পরিচিত।
শনিবার বিকেলে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় ‘শান্তি পরিবহন’-এর একটি বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি বিদেশি পিস্তলসহ দুই ব্যক্তি খাগড়াছড়ি থেকে শান্তি পরিবহন নামের একটি বাসে করে অস্ত্র চোরাকারবারের উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছেন। খবর পেয়ে পুলিশের একটি দল বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় ওই বাসে অভিযান চালায়। একপর্যায়ে যাত্রীবেশে থাকা সালাহউদ্দিন আকবর ও ইবনে জাহিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি জাপানি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে ঢাকায় যাওয়ার জন্য শান্তি পরিবহন বাসের টিকিট কাটেন। অস্ত্র উদ্ধারের ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে গ্রেপ্তার সালাহউদ্দিন আকবরের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জানতে চাইলে সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু বলেন, জাতীয়তাবাদী দল বিএনপিতে সমবায় দল নামে কোনো অঙ্গ ও সহযোগী সংগঠন তালিকাভুক্ত নেই। তাই দলীয় পরিচয় গ্রহণযোগ্য নয়।
অন্যদিকে স্থানীয়ভাবে কৃষক দল ও শ্রমিক দল নেতা হিসেবে পরিচিত গ্রেপ্তার অপর ব্যক্তি ইবনে জাহিদের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করেও দলটির জেলা কমিটি সক্রিয় না থাকায় দায়িত্বশীল কারও বক্তব্য জানা যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

