সারা দেশে বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

সারা দেশে বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৈরী আবহাওয়ায় সারা দেশে বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অন্যদিকে বর্ষণে পাকা আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন কৃষক।

ফেনী প্রতিনিধি জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ফেনীতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ফলে বৃহস্পতিবার ভোররাত থেকে শনিবার পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। অসময়ের টানা বৃষ্টিপাতের কারণে পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষকরা। বিশেষ করে মাঠে থাকা পাকা আমন ধান এবং সদ্য রোপণকৃতসহ শীতকালীন আগাম শাকসবজি নিয়ে দিশাহারা হয়ে পড়েছেন জেলার ছয় উপজেলার চাষিরা।

বিজ্ঞাপন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, কয়েক মাসের পরিশ্রম, ঋণ আর ধারদেনা করে ধান আবাদ করেছিলেন কৃষকরা। স্বপ্ন ছিল, পাকা ধান ঘরে তুলে ঋণ পরিশোধ করবেন, পরিবারের অভাব ঘোচাবেন। কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে টানা দুদিনের বৃষ্টি। জমিতে পানি জমে থাকায় বন্ধ রয়েছে মাঠের পাকা ধান কাটা। অন্যদিকে কেটে রাখা পাকা ধান বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ঝিনাইদহ জেলায় এখনো মাঠে রয়েছে প্রায় ৬৯ হাজার হেক্টর জমির আমন ধান। ফসল ঘরে তুলতে বিলম্ব হওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন ঝিনাইদহ ৬ উপজেলার হাজারো কৃষক। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. আনিসুজ্জামান বলেন, টানা বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটায় বিঘ্ন সৃষ্টি হয়েছে।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানান, আমন ধান পেকে মাঠে সোনালি রং ধরেছে। আর কিছুদিন পরই সেই ধান ঘরে তোলার কথা ছিল কৃষকের। কিন্তু টানা বৃষ্টিতে থমকে গেছে ধান কাটার প্রস্তুতি। জমিতে পাকা ধান পড়ে থাকলেও বৃষ্টির কারণে কাটতে পারছেন না অনেক কৃষক। এতে ফসলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন নওগাঁর ধামইরহাট উপজেলার কৃষকরা। উপজেলার বিভিন্ন এলাকার মাঠে এখন আমন ধান পাকার দৃশ্য। কৃষকরা ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। কেউ কেউ জমিতে ধান কাটাও শুরু করেছিলেন। কিন্তু কয়েক দিনের বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটার কাজ ব্যাহত হচ্ছে। ভেজা জমিতে শ্রমিক নামানো যাচ্ছে না।

উপজেলা কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে যদি আবহাওয়া দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তাহলে কৃষকের তেমন বড় কোনো ক্ষতি হবার সম্ভাবনা নেই।

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি জানান, তিন দিন ধরে বৈরী আবহাওয়া, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বাতাসে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধানক্ষেত মাটিতে লুটিয়ে পড়েছে। আর কয়েক দিনের মধ্যেই সোনালি ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন কৃষকরা। কিন্তু শেষ মুহূর্তে আবহাওয়ার বিরূপ পরিস্থিতিতে ফসলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। বাকেরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. ঈসা জানান, চলতি আমন মৌসুমে উপজেলায় প্রায় ২ হাজার ২০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে।

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সদরপুরে বৃষ্টিতে জমিতে পানি জমে পাকা আমন ধান নুয়ে পড়েছে। কোথাও ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে, আবার কোথাও পাকা ধানের শীষ পানিতে ডুবে থাকায় দেখা দিয়েছে পচন ও দানা নষ্ট হওয়ার আশঙ্কা। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ফরিদপুরের সদরপুর উপজেলার আমন চাষিরা।

উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী বলেন, এ বছর সদরপুর উপজেলায় ৬ হাজার ৫৫৫ হেক্টর জমিতে আমনের চাষ করা হয়েছে। অসময়ে নিম্মচাপের বৃষ্টিতে কৃষকদের পাকা আমন ধানের ক্ষতি হয়েছে।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড় আকভানের কারণে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মির্জাগঞ্জে তিন দিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এতে জমিতে থাকা আমন ধান নুয়ে পড়েছে মাটিতে। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বৃষ্টিপাত অব্যাহত থাকলে ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষি অধিদপ্তর।

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি জানান, হেমন্তের বৃষ্টিতে পাকা আমন নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। শুক্রবার সারা দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন কৃষকরা। হেমন্তের নতুন ফসলের আশায় কৃষকের মুখে যখন স্বস্তির হাসি, ঠিক তখনই বৈরী আবহাওয়া সেই আনন্দে দুশ্চিন্তার ছায়া ফেলেছে। এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ বলেন, গোদাগাড়ীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ধান কাটা ও সংগ্রহে কৃষকরা কিছুটা ভোগান্তির শিকার হলেও তবে এ বৃষ্টিতে ফসলের বড় কোনো ক্ষতির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে ঘূর্ণিঝড় আকভানের আঘাতে টানা তিন দিনের বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নে ১৮ হাজার ১৯০ হেক্টর কৃষি জমিতে ধানের আবাদ হয়েছে। গত তিন দিনের মুষলধারে বৃষ্টিতে ৩৬ হেক্টর জমির ধান নুইয়ে পড়েছে।

দৌলতখান (ভোলা) প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড় আকভানের বিরূপ প্রভাবে দৌলতখানের আকাশে চার দিনেও মেলেনি সূর্যের দেখা। বুধবার রাত থেকেই চার দিন বিরতিহীন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় জনজীবনে দুর্ভোগ ও ভোগান্তি নেমে আসে। মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। রাস্তায় যানবাহন চলাচল কমে গেছে। উপজেলা নির্বাহী অফিসার আবদুল মতিন খান আমার দেশকে বলেন, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সৃষ্ট নিম্নচাপের বৈরী আবহাওয়ার কারণে ৩ নম্বর সতর্ক সংকেত চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...