আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লক্ষ্মীপুরে দু’গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ৩

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে দু’গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ৩

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের দু’গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আব্দুর রহিম (৫৫) নামে এক পথচারী গুলিবিদ্ধ এবং সাইফুল ইসলাম মানিক (১৯) নামে একজনকে পিটিয়ে আহত করা হয়।

চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের আফজাল রোডের মোড়ে সন্ত্রাসী হামলায় ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব মুন্না রিপন আহত হয়েছেন। এসময় শেখপুর গ্রামের আব্দুর রহিম নামে আরও একজন গুলিবিদ্ধ হন।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে আফজাল রোডের মুখে চন্দ্রগঞ্জ ইউনিয়নে বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে৷

গুলিবিদ্ধ আব্দুর রহিম শেখপুর গ্রামের শামছুল হকের ছেলে ও আহত মানিক সদর উপজলার চরশাহী ইউনিয়নের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম ও শেখপুর গ্রামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গতকাল সোমবার ঝামেলা হয়। এর জের ধরেই মঙ্গলবার ঘটনার সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দেওপাড়া গ্রামের নেতৃত্বে রাকিব পাটওয়ারী ও শেখপুর গ্রামে মিতুল নামে একজন নেতৃত্ব দেয়। রাকিবের লোকজন অস্ত্রধারী ছিল। তিনি হত্যা ও অস্ত্র মামলার আসামি বলে জানা গেছে।

ঘটনার সময় আব্দুর রহিম নামে এক পথচারীর বাম পায়ে গুলিবিদ্ধ হয় এবং মানিককে এলোপাতাড়ি চেইন দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সালাম সৌরভ বলেন, আব্দুর রহিমের বাম পায়ে গুলির আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মানিককে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হবে।

চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম বলেন, গোলাগুলির খবর পেয়েছি। আমি ছুটিতে থাকায় বিস্তারিত জানা নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...