নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে। মাদক চোরাকারবারি ও ব্যবসায়ীদের টাস্কফোর্স কমিটি নিরপেক্ষভাবে চিহ্নিত করবে এবং সেই তালিকার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত ৮টার দিকে কক্সবাজার শহরের হিলডাউন সার্কিট হাউসে জেলা মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থলপথের পাশাপাশি নদীপথ ও সমুদ্রপথ ব্যবহার করেও মাদক চোরাচালান হচ্ছে। এসব রুটে নৌবাহিনী ও কোস্ট গার্ডের টহল আরও জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার জেলে এবং নৌযান নিবন্ধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে মাদক চোরাচালানকারীদের শনাক্ত করা সহজ হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্তবর্তী মাদক পাচারের রুটগুলোতে যৌথবাহিনী অথবা স্থানীয় বাহিনীর সমন্বয়ে প্রয়োজনীয় ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

কক্সবাজারে বারবার অপহরণের ঘটনাকে সরকারের জন্য উদ্বেগের বিষয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টেকনাফের পাহাড়কেন্দ্রিক অপহরণ প্রতিরোধে দুটি ক্যাম্প স্থাপনের জন্য সেনাবাহিনীর সংশ্লিষ্টদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে বেসরকারি এয়ারলাইনস এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তিনি হিলডাউন সার্কিট হাউসে আয়োজিত জেলা মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন-সংক্রান্ত সভায় যোগ দেন।

জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ড. মো. মিজানুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ, ৩৪ বিজিবির অধিনায়ক এস এম খায়রুল আলম, র‍্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান, ১৪ এপিবিএনের অধিনায়ক (এডিআইজি) সিরাজ আমিন এবং ৮ এপিবিএনের অধিনায়ক (এডিআইজি) রিয়াজ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে শুক্রবার (৭ আগস্ট) সকালে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) কার্যালয় পরিদর্শন করবেন এবং কউকের ‘ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১’-এর উদ্বোধন করবেন। পরে বেলা সাড়ে ১১টায় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

দিনের কর্মসূচি শেষে রাত ৮টায় তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন