চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকার একটি ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় এক বস্তা গুলি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেলে বায়েজিদের বিএসআরএম এলাকার ৫ নম্বর গলির বাংলাবাজারে ড্রেন পরিষ্কার করার সময় গুলিগুলো দেখতে পান চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে বায়েজিদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাভর্তি গুলি উদ্ধার করে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া গুলিগুলো তাজা নয়। তবে এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হাসান মোস্তফা স্বপন বলেন, একটি গুলির সাধারণত দুটি অংশ থাকে—একটি কার্তুজের খোসা (কেসিং) এবং অন্যটি বুলেট বা প্রজেক্টাইল। উদ্ধার হওয়া বস্তায় এই দুই অংশের মধ্যে একটি অংশ পাওয়া গেছে।
তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
উদ্ধার হওয়া গুলিগুলো কোথা থেকে এসেছে, কেন ড্রেনে ফেলে রাখা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত—এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

