চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদীর নেভিগেশন চ্যানেলে রাতভর অভিযান আটকে পড়া কনটেইনারবাহী জাহাজ ‘এমভি সিএনসি ইউরেনাস’ উদ্ধার করা হয়েছে। সোমবার সাতটি টাগবোটের সমন্বিত অভিযানে জাহাজটি উদ্ধার করে নিরাপদে বন্দরের বহির্নোঙরের ‘বি’ অ্যাংকরেজে নেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জাহাজটি নিরাপদে নোঙর করার পর বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। নৌযান চলাচলেও কোনো বিঘ্ন নেই।
বন্দর সূত্র জানায়, ২০১৭ সালে নির্মিত মাল্টার পতাকাবাহী ১৭০ মিটার দীর্ঘ কনটেইনার জাহাজটি সোমবার দুপুর ২টার দিকে কর্ণফুলী নদীর চ্যানেলে প্রবেশের সময় যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়ে। স্টিয়ারিং বিকল হয়ে যাওয়ায় এটি ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খেয়ে নদীর মোহনাসংলগ্ন রিটেইনিং ওয়ালে আছড়ে পড়ে।
চীনের শিকৌ বন্দর থেকে আসা ৯ দশমিক ৫০ মিটার ড্রাফটের জাহাজটিতে ১ হাজার ২৮২ টিইইউএস কনটেইনার এবং মাস্টারসহ ২৪ জন নাবিক ছিলেন। জাহাজটির স্থানীয় এজেন্ট এপিএল (বাংলাদেশ)।
দুর্ঘটনার পরপরই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু হয়। অভিযানে বন্দরের চারটি, নৌবাহিনীর একটি, কোস্ট গার্ডের একটি এবং টানেলের একটি টাগবোট অংশ নেয়।
সংশ্লিষ্টরা জানান, দেশের প্রায় ৯২ শতাংশ আমদানি-রপ্তানি পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবাহিত হয়। দ্রুত সময়ের মধ্যে জাহাজটি উদ্ধার হওয়ায় বন্দরের স্বাভাবিক কার্যক্রমে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

