নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের এক দিন পর কলেজশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা আলী আহাম্মদের বাড়ির সামনের মসজিদের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত মাহমুদুন নবী সম্রাট (৩৯) ওই এলাকার মো. মইনুল হক রতনের ছেলে। তিনি স্থানীয় ওয়েস্ট ব্যাংক কলেজের শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, রোববার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর সম্রাট নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সকালে বাড়ির পাশের মসজিদের পুকুরে তার লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।
কোম্পানীগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে লাশটি উদ্ধার করে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

