ট্রলি গাড়ি উল্টে চাপা পড়ে শ্রমিক নিহত

ট্রলি গাড়ি উল্টে চাপা পড়ে শ্রমিক নিহত

কক্সবাজারের মহেশখালীতে ট্রলি গাড়ি উল্টে চাকার নিচে পড়ে আনোয়ার হোসেন (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিজেই ট্রলি গাড়িটি চালাচ্ছিলেন তিনি। নিহত আনোয়ার হোসেন বড় মহেশখালীর মুন্সীর ডেইল এলাকার মৃত তজু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

রোববার দুপুর ১টার দিকে উপজেলার মিয়াজির পাড়া বটতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত আনোয়ারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হয়ে আনোয়ার বুশরা ডেকোরেশনের দোকান থেকে মালামাল বোঝাই করে ট্রলি গাড়ি নিয়ে ফকিরাঘোনা গ্রামে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে মিয়াজির পাড়া এলাকায় পৌঁছালে ট্রলি গাড়িটি উল্টে আনোয়ার চাকার নিচে পড়ে যান।

ডেকোরেশনের মালিক জাহাঙ্গীর আলম জানান, সকালেই তিনি তার দোকানের ছয়জন স্টাফকে বিভিন্ন চলমান কাজে পাঠিয়েছিলেন। আনোয়ারকে মালামাল নিয়ে ফকিরাঘোনায় কাজের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। মাঝপথে এমন দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান।

তিনি বলেন, ‘আনোয়ার খুবই ভালো একজন স্টাফ ছিলেন। গত দেড় বছর ধরে তিনি আমার দোকানে কাজ করে আসছিলেন।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন