এনসিপি নেতার যাতায়াত ঠেকাতে স্পিডবোট বন্ধের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

এনসিপি নেতার যাতায়াত ঠেকাতে স্পিডবোট বন্ধের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ। ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার যাতায়াত ঠেকাতে স্পিডবোটের চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও স্পিডবোট মালিক সমিতির সভাপতি আতাউল্লাহ বোখারীর বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে এনসিপির মহেশখালী উপজেলা শাখা।

বিজ্ঞাপন

রোববার রাতে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মহেশখালীর সন্তান শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিনের কক্সবাজার যাতায়াতকে কেন্দ্র করে স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

বিবৃতিতে আরো বলা হয়, কোনো ঘাট, পরিবহনব্যবস্থা কিংবা শ্রমজীবী মানুষের কর্মসংস্থান ব্যক্তিগত আধিপত্য ও রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হতে পারে না। মহেশখালী জেটিঘাটে স্পিডবোট মালিক, চালক ও কর্মচারীদের ওপর প্রভাব বিস্তার, কমিশন আদায় এবং ভয়ের পরিবেশ তৈরির অভিযোগ তুলে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে সংগঠনটি।

এনসিপি অবিলম্বে স্পিডবোটটির চলাচল স্বাভাবিক করা, চালকের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং জেটিঘাটে অনিয়ম ও যাত্রী হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

এনসিপির মহেশখালী উপজেলা শাখার দপ্তর সম্পাদক নুরুল হুদার স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে বিএনপি নেতা আতাউল্লাহ বোখারীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘একজন আত্মমর্যাদাসম্পন্ন মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারেন না।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...