নবাবগঞ্জে আমন ফসলে ঘাড়পচা রোগের আক্রমণ, দিশেহারা কৃষক

নবাবগঞ্জে আমন ফসলে ঘাড়পচা রোগের আক্রমণ, দিশেহারা কৃষক
আমন ফসলে ঘাড়পচা রোগের আক্রমণ। ছবি: আমার দেশ

শস্যভান্ডার হিসাবে পরিচিত দিনাজপুরের নবাবগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরে খরিপ-২ মোৗসুমে আমন ফসলে নেকব্লাস্ট (ঘাড়পচা) রোগের আক্রমণে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। একাধিকবার কিটনাশক প্রয়োগ করেও তেমন কোনো ফলাফল হচ্ছে না বলে কৃষকেরা জানান। আগাম জাতের আমন ফসলে এর প্রভাব তেমন না পড়লেও এলাকায় জিরা জাত হিসাবে পরিচিত ব্রী-৩৪ ধানের ফসলে এর প্রভাব বেশ পড়েছে।

এর সঙ্গে সঙ্গে কারেন্ট পোকারও আক্রমণ দেখা দিয়েছে। কৃষকেরা এসব থেকে মুক্তি পেতে কীটনাশক প্রয়োগ সহ ফসলের সারি ফাঁকা করে দিচ্ছে। এ জাতের ধান কাটতে আরও প্রায় এক মাস লাগতে পারে। সে পর্যন্ত ফসলের অবস্থা কী হবে তা আল্লাহ পাকই জানেন বলেও তারা জানান।

বিজ্ঞাপন

উপজেলা বুজরুক হরিনা গ্রামের চাষি তোফাজ্জল হোসেন জানান, এলাকায় জিরা (ব্রি-৩৪) ধানে নেক ব্লাস্ট ও কারেন্ট পোকা দেখা দিয়েছে। ফলে মরা শীষ হচ্ছে ও ধানগাছ মরে যাচ্ছে।

একই কথা জানালেন বেড়ামালিয়া গ্রামের চাষী ছলিম উদ্দিন মেম্বার ও স্বাধীন চন্দ্র।

উপজেলার দলার দরগা বাজারের কীটনাশক বিক্রেতা ফরিদ হোসেন জানান, শালখুরিয়া পুটিমারা ও ভাদুরিয়া ইউনিয়নসহ প্রায় সব এলাকায় এ রোগ ও পোকার বেশ প্রভাব পড়েছে।

উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, মাঠের অবস্থা ভালো আছে। কিছু এলাকাায় রোগ ও পোকা দেখা দিয়েছে। ঐসব এলাকাায় কৃষি বিভাগ থেকে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। এবারে উপজেলায় ২১ হাজার ৭৪০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। নির্ধারিত জমির মধ্যে ১ হাজার ৯১০ হেক্টর জমিতে হাইব্রীড জাত এবং ১৯ হাজার ৮৩০ হেক্টর জমিতে উফশী জাত রয়েছে। গড় উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে হেক্টর প্রতি ৩.৩৫ মেঃ টন চাল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন