জনগণ চায় না স্বৈরাচার ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

জেলা প্রতিনিধি, কুমিল্লা উত্তর

জনগণ চায় না স্বৈরাচার ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

বিএনপি‌ চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন বলেন, যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন তারা তারা আওয়ামী স্বৈরাচারের পুনরুত্থান চান। কিন্তু জনগণ চায় না স্বৈরাচারী আওয়ামী লীগ ফিরে আসুক বাংলাদেশে। আওয়ামী লীগ যে গণহত্যা করেছে তার দ্রুত বিচার করুন। সংস্কারে দেরি করছেন, গণহত্যার বিচারও দেরি করছেন, আপনাদের উদ্দেশ্যটা কী।

বিজ্ঞাপন

গতকাল বিকালে চান্দিনায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

মাহবুব উদ্দিন খোকন বলেন, বিএনপির নেতাকর্মীরা মাঠে একত্রিত আছেন, আমরা তৈরি আছি। নির্বাচন নিয়ে যদি ষড়যন্ত্র করেন, আমরা প্রতিহত করব। আওয়ামী লীগের পক্ষে দালালি করা চলবে না, কোনো দালালকে ছাড় দেয়া হবে না। ১৫ বছরে বিএনপির ৬০ লাখ নেতাকর্মী মামলার আসামি হয়েছে, হাজার হাজার নেতাকর্মী জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে।

বর্তমান সরকারকে উদ্দেশ করে খোকন বলেন , সরকারের ভিতরেও আওয়ামী লীগের ভূত রয়েছে। একজন বলেও ফেলছেন, আওয়ামী লীগ যদি ভোট করতে চায় তাহলে ভালো, আওয়ামী লীগের লোকজন নির্বাচন করতে পারবে। এসব কথা চলবে না, আওয়ামী লীগের পক্ষে দালালি চলবে না, জনগণ তা মেনে নিবে না।

জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভুইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক বিশেষ অতিথি হাজী মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার রিজভিউ উল আহসান মুন্সী, উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, গুলশান থানা বিএনপির সাধারণ সম্পাদক আওয়াল খান, উত্তর জেলা যুবদলের আহ্বায়ক শাহাবুদ্দিন।

সমাবেশে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন