ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করছেন প্রধানমন্ত্রী: গণপূর্তমন্ত্রী

ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করছেন প্রধানমন্ত্রী: গণপূর্তমন্ত্রী
ছবি: আমার দেশ

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, বিগত আওয়ামী শাসনামলে দেশের অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে চুরে তছনছ করে দিয়ে গেছে শাস্তিবাদী সরকার। তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় এসে একটি ভঙ্গুর অর্থনীতি ও ভঙ্গুর সিস্টেম পেয়েছি। সেই পরিস্থিতি থেকে দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। “প্রধানমন্ত্রী তারেক রহমান স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন।

রোববার নোয়াখালী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গণপূর্তমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা কাটিয়ে উঠতে বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছেন। সরকারের মেয়াদকালে দেশের প্রতিটি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষসহ সকল শ্রেণি-পেশার মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে।

জাকারিয়া তাহের সুমন আরও বলেন, যতবার বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, প্রতিবারই বিভিন্ন দুর্যোগ ও সংকটের সময় বিএনপি সরকার দেশকে রক্ষা করেছে। বর্তমান সরকারও বিদ্যমান সংকটগুলো কাটিয়ে দেশকে এগিয়ে নিতে প্রাণান্তকর কাজ করে যাচ্ছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান সংকট মোকাবিলা করে আগামী দুই থেকে চার বছরের মধ্যে দেশকে দুর্যোগ ও সংকটের পরিস্থিতি থেকে বের করে আনা সম্ভব হবে।

সভায় আরও বক্তব্য রাখেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল হান্নান মাসুদ, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, নোয়াখালী জেলা পুলিশ সুপার এএনএম নাসিরুদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। এছাড়া জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন