কক্সবাজারে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় রিসোর্ট ম্যানেজার আটক

কক্সবাজারে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় রিসোর্ট ম্যানেজার আটক

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ আগুনের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি আতিকুর রহমান। তিনি বলেন, সন্ধ্যা ৬টার দিকে সুমনকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ছয়জন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, আগুন লাগার পর ঘটনাস্থল থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। পরে লাশগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহত ১০ জনের মধ্যে এখন পর্যন্ত নয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। তারা হলেন ঢাকার বনশ্রীর বাসিন্দা ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ।

পরিচয় শনাক্ত হওয়া অন্য তিনজন হলেন ঢাকার আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষক নাসরিন আক্তার মুক্তা (২৯), জিহাদ হাওলাদার ও আকিবুল ইসলাম। তবে জিহাদ ও আকিবুলের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কক্সবাজার জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন