পিআইও অফিসের বাসা থেকে সরকারি ত্রাণসামগ্রীর উদ্ধার

পিআইও অফিসের বাসা থেকে সরকারি ত্রাণসামগ্রীর উদ্ধার
সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার করেছে উপজেলা প্রশাসন

ফেনীর ফুলগাজীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের সাবেক অফিস সহকারী আবদুল বাকের হোসেনের ভাড়া বাসা থেকে সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে উপজেলা যুব উন্নয়ন কার্যালয় সংলগ্ন ওই বাসার নিচতলা থেকে এসব ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়।

আবদুল বাকের (৪৫) নোয়াখালী সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আমিনউল্লাহর ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই বাসা থেকে ১০ বস্তা ত্রাণসামগ্রী ও তিন বস্তা শুকনা খাবারের প্যাকেট জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩০০ কেজি চাল, ৩২ লিটার সয়াবিন তেল, ৩০ কেজি করে লবণ ও চিনি, ৩৩ কেজি মসুর ডাল, ২০০ গ্রাম ওজনের ৩০ প্যাকেট হলুদের গুঁড়া, ১০০ গ্রাম ওজনের ৩২ প্যাকেট মরিচের গুঁড়া এবং ১০০ গ্রাম ওজনের ৩১ প্যাকেট ধনিয়ার গুঁড়া।

প্রশাসনের কর্মকর্তারা জানান, এসব সামগ্রী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা হয়েছিল।

আবদুল বাকের গত বছরের ১০ জুলাই ফুলগাজী উপজেলায় যোগদান করেন। চলতি বছরের ২২ জুলাই তাকে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় বদলি করা হয়। তবে বদলির পরও তিনি ফুলগাজীর ভাড়া বাসাটি পরিবর্তন করেননি।

ফুলগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাজীব আহমেদ বলেন, বাকের বর্তমানে সন্দ্বীপে কর্মরত। সন্তানদের পড়ালেখার কারণে বদলির পরও তিনি ফুলগাজীর বাসায় ছিলেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ফুলগাজী থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, জব্দ করা মালামাল থানা হেফাজতে রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়েরের কথা জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া মালামালের প্যাকেটে থাকা তথ্য অনুযায়ী, এগুলো ২০২৪-২৫ অর্থবছরের সরকারি ত্রাণসামগ্রী। আবদুল বাকের গত মাসে বদলি হয়ে বর্তমানে সন্দ্বীপ উপজেলায় কর্মরত বলে জানা গেছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন