চট্টগ্রাম নগরের মাঝিরঘাটে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন একজন ভুক্তভোগী ব্যবসায়ী। এ ঘটনায় পটিয়ার সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে মোহাম্মদ রিয়াদ আহসান ও তার সহযোগীদের দায়ী করেছেন অভিযোগকারী ব্যবসায়ী মোহাম্মদ রফিক।
রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
রফিকের অভিযোগ, গত ২ নভেম্বর দুপুরে রিয়াদ আহসানের নেতৃত্বে ১০-১১ জন স্ট্যান্ড রোডের ভাই ভাই এন্টারপ্রাইজে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তার ছেলে হৃদয় ও দুই কর্মচারী সাগর-মালেককে মারধর করা হয়। পরে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে এক সপ্তাহের মধ্যে হত্যা ও ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
রফিক জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ তাদের কাছে রয়েছে। এ ঘটনায় প্রথমে সদরঘাট থানায় জিডি করেন তিনি। পরে ৪ নভেম্বর দ্বিতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে থানায় এজাহার হিসেবে গণ্য করে তদন্তের নির্দেশ দিয়েছেন।
তিনি আরো জানান, রিয়াদ আহসানের সঙ্গে ২০২২ সালে তার ব্যবসায়িক লেনদেন ছিল। ওই সময়ের ১০ লাখ টাকার একটি চেক নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। তবে ব্যাংকের মাধ্যমে আরটিজিএস পদ্ধতিতে টাকা পরিশোধ করলেও চেকটি ফেরত দেওয়া হয়নি। ওই চেকের ভিত্তিতে করা মামলাও আদালত খারিজ করে দিয়েছে বলে দাবি করেন তিনি।
রফিকের অভিযোগ, ব্যবসায় সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যার আশ্রয় নিয়ে তার ব্যবসায়িক ক্ষতিও করেছেন তারা। তিনি রিয়াদ আহসান ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং নিজের পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা চেয়েছেন প্রশাসনের কাছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নগরের মাঝিরঘাট পিপি ব্যাগ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ব্যবসায়ী লোকমান হাকিম, মুহাম্মদ ফরিদুল আলম, আতিকুল ইসলাম নয়ন প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

