কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি সাইনবোর্ড ঢেকে নির্বাচনি প্রচারণার ফেস্টুন টাঙানোর অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের সদস্য জামাল হোসেনের বিরুদ্ধে। এতে সরকারি স্থাপনা ও জনসাধারণের জন্য স্থাপিত নির্দেশনামূলক সাইনবোর্ডের দৃশ্যমানতা বাধাগ্রস্ত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে যুবলীগের প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকলেও ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুন টাঙিয়ে প্রচারণা চালানোর বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক নিষ্ক্রিয়তার সুযোগে এসব কর্মকাণ্ড চলছে বলেও অভিযোগ করছেন কেউ কেউ।
জানতে চাইলে উপজেলা যুবলীগের সদস্য জামাল হোসেন বলেন, আপনি নিউজ করলে করেন। এতে আমার প্রচারণা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামাল হোসেনের বড় ভাই আমির হোসেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। এ বিষয়ে আমির হোসেনের বক্তব্য জানতে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
সওজের উপবিভাগীয় প্রকৌশলী সফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, সড়ক ও জনপথ বিভাগের সাইনবোর্ডে নির্বাচনি প্রচার-প্রচারণার ফেস্টুন লাগানোর নিয়ম নেই। যারা করেছে, তারা অন্যায় করেছে। আমরা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নি ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। আপনি আমাকে ছবি পাঠান। আমি ব্যবস্থা নিচ্ছি।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

