তিতাসে স্কুলে ঢুকে ছাত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

তিতাসে স্কুলে ঢুকে ছাত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগ
ছবি: আমার দেশ

কুমিল্লার তিতাস উপজেলায় স্কুলে ঢুকে এক স্কুলছাত্রীর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার বেগম ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী হীরামনি (১৪) উপজেলার রঘুনাথপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে এবং বেগম ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

বিজ্ঞাপন

ভুক্তভোগী হীরামনি জানান, দীর্ঘদিন ধরে কয়েকজন যুবক তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার তাদের মধ্যে একজন বখাটে তার হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে সে আহত হয়।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে বিদ্যালয়ে প্রবেশ করার সময় পেছন দিক থেকে এক যুবক এসে একটি ছোট কাঁচের বোতল থেকে তরল পদার্থ তার শরীরে ছিটিয়ে দ্রুত পালিয়ে যায়। তার দাবি, তরল পদার্থটি তার মুখ লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল।

হীরামনির ভাষ্য অনুযায়ী, তরল পদার্থের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তার মুখে থাকা মাস্ক, ওড়না, বোরখা ও স্কুল ড্রেসের কিছু অংশ ঝলসে যায়। এ সময় তার মুখ ও শরীরের বিভিন্ন স্থানে তীব্র জ্বালাপোড়া অনুভূত হয়। শরীরে একাধিক স্তরের পোশাক এবং মুখে মাস্ক থাকায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বলে সে জানায়।

সে আরও জানায়, অভিযুক্ত ব্যক্তিকে আগে থেকে চিনত না, তবে সামনে দেখলে শনাক্ত করতে পারবে।

ভুক্তভোগীর পরিবার জানায়, ‘আল্লাহর রহমতে আমাদের মেয়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। আমরা এ ঘটনায় আইনের আশ্রয় নেব।’ একই সঙ্গে তারা মেয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, ভবিষ্যতে তাকে বিদ্যালয়ে পাঠানো নিয়েও তারা শঙ্কার মধ্যে রয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজ উদ্দিন পাঠান বলেন, ‘বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের কাছ থেকে বিষয়টি জানতে পেরেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনায় উদ্বিগ্ন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে চিন্তিত।’

তিতাস থানার (ওসি) মমিনুল হক বলেন, ‘ভুক্তভোগীর পরিবার থানায় এসে অভিযোগ করেছেন। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...