ফেনী শহরজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে মানুষ

ফেনী শহরজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে মানুষ

ফেনীতে একদিনে ৪০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিপদসীমার ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মুহুরী নদীর পানি। ভেঙে গেছে সিলোনিয়া নদীর পরশুরাম উপজেলার পশ্চিম গদানগরের বেড়িবাঁধ। বন্ধ রয়েছে ফুলগাজী বাজার থেকে রাজসপুর সড়ক যোগাযোগ।

বিজ্ঞাপন

শহরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েছে মানুষ। অলিগলিতে কোথাও কোথাও সড়কে তিন থেকে চার ফুট পানি জমেছে। ডাক্তার পাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, রামপুর, পাঠানবাড়ি, একাডেমি, নাজির রোড, সদর হাসপাতাল মোড, কলেজ রোড, পেট্রোবাংলা, শহীন একাডেমি সড়ক, মিজান রোডসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

জেলার দাগনভূঞা, সোনাগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়ও নিম্নাঞ্চল প্লাবিত ও রাস্তা-ঘাট ডুবে ব্যাপক ভোগান্তি এবং পুকুর ও খামারের ভেসে গিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে ।

আমার দেশের পরশুরাম প্রতিনিধি জানান, পানি বৃদ্ধির কারণে উপজেলার সিলোনিয়া নদীর পশ্চিম গদানগর এলাকায় বেড়িবাঁধ ভেঙে গেছে।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া ইসলাম জানান, গতকাল থেকে ভারী বৃষ্টির কারণে মুহুরী নদীর পানি বাড়তে শুরু করেছে। আজ সকাল ৭টার দিকে ফুলগাজীর রাজেশপুর সড়কের মুহুরী নদীর বাঁধ ভেঙে দুটি দোকান নদীতে ধসে গেছে। এতে করে ওই গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা বলেন, এখন প্রায় সকল স্কুলেই ষান্মাসিক পরীক্ষা চলমান রয়েছে। সড়ক ও স্কুলে পানি ওঠায় অনেক স্কুলে ইতোমধ্যে অন্তবর্তী পরীক্ষা স্থগিত করার নোটিশ দেওয়া হয়েছে। তবে বোর্ড পর্যায়ে চলমান পরীক্ষা নিয়ে এখন পর্যন্ত কোনো নোটিশ পাওয়া যায়নি।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ৪০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে জেলায় এটি সর্বোচ্চ বৃষ্টিপাত।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানান, মুহুরী নদীর পানি বিপদসীমার ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন