আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁদপুরে হামে আক্রান্ত ২৩ শিশু হাসপাতালে, মৃত্যু ৩

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরে হামে আক্রান্ত ২৩ শিশু হাসপাতালে, মৃত্যু ৩
ছবি: আমার দেশ

চাঁদপুরে হামে আক্রান্ত ২৩ শিশুকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিভিল সার্জন নূরে আলম দ্বীন জানিয়েছেন, এখন পর্যন্ত তিন শিশু এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

তিনি আরও জানান, জেলায় হামে আক্রান্ত শিশুদের জন্য হাসপাতালগুলোয় অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে ১৭ শিশু, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ শিশু এবং মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ শিশুসহ মোট ২৩ শিশুকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে, জ্বর, সর্দি, কাশি ও অন্যান্য উপসর্গ নিয়ে শিশুরা হাসপাতালে আসছে। হাম রোগে আক্রান্ত রোগীদের লক্ষণ অনুযায়ী আলাদা আইসোলেশন ওয়ার্ডে রাখা হচ্ছে। তবে পর্যাপ্ত বেড না থাকায় কিছু শিশুকে ফ্লোরে রাখা হচ্ছে।

হাসপাতালের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল বলেন, ‘হামে আক্রান্ত শিশুদের চোখ লাল হয়ে যায়, জ্বরের তাপমাত্রা বাড়ে, কাশি হয় এবং শরীর লালচে রং ধারণ করে। দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। অভিভাবকেরা আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুদের যত্ন নিন।’

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান জানান, হামে আক্রান্ত শিশুর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তাদের আলাদা আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজন শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন