গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৫২০ জনে দাঁড়াল। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৩৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর (১ জানুয়ারি থেকে অদ্যাবধি) ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫২০ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৮৪০ জনে পৌঁছেছে।
সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জনের মধ্যে ঢাকা বিভাগে ১ জন এবং চট্টগ্রাম বিভাগে ১ জন রয়েছেন।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৭ জন, খুলনা বিভাগে ১৪১ জন, রাজশাহী বিভাগে ১৬০ জন, রংপুর বিভাগে ৩৪ জন, বরিশাল বিভাগে ১৫০ জন এবং সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।
এ বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৯১ জন রোগী। বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৯২৯ জন ডেঙ্গু রোগী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


