আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্পট মার্কেট থেকে ১৮ লাখ টন ডিজেল কিনবে সরকার

সোহাগ কুমার বিশ্বাস, চট্টগ্রাম

স্পট মার্কেট থেকে ১৮ লাখ টন ডিজেল কিনবে সরকার

দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলা করতে অবশেষে স্পট মার্কেট থেকে চড়া দামে জ্বালানি তেল কেনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। প্রাথমিকভাবে ১৮ লাখ টন ডিজেল কেনার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসি।

সঙ্গে স্বল্প পরিমাণ অকটেন ও পেট্রোলও থাকছে। ইতোমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক সাপ্লায়ার প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে আলোচনাও শুরু করেছে বিপিসি। ইতোমধ্যে দুটি আমেরিকান ও একটি হংকংয়ের নিবন্ধিত প্রতিষ্ঠানের সঙ্গে তেল কেনার চুক্তির প্রক্রিয়া অনেকদূর এগিয়েছে। বর্তমান আন্তর্জাতিক বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ক্রয় প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

তবে গত এক মাস বিশ্ব বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের উত্থান-পতন হচ্ছে। ফেব্রুয়ারির শেষে প্রতি ব্যারেল ডিজেলের দাম ছিল ৮৫ ডলারের মধ্যে। ২৪ দিনের ব্যবধানে স্পট মার্কেটে সেই ডিজেলের দাম গিয়ে ঠেকেছে ২২০ ডলারের কাছাকাছি। এর মধ্যে গত সোমবার পাঁচদিনের জন্য ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। সঙ্গে সঙ্গে প্রতি ব্যারেল ডিজেলের দাম কমে যায় সাত ডলার করে। বর্তমানে স্পট মার্কেটে প্রতি ব্যারেল ডিজেল বিক্রি হচ্ছে ২১৩ ডলার ৪২ সেন্ট করে। যা গত মাসের তুলনায় দাম প্রায় আড়াই গুণেরও বেশি।

আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনা শুরু হলে এই দামে বড় ধরনের পতন হবে বলে ধারণা করা হচ্ছে। ফলে স্পট মার্কেট থেকে তেল কেনার প্রক্রিয়া শুরু করলেও তা একটু রয়ে সয়ে করার পক্ষে মত দিচ্ছে সরকার সংশ্লিষ্ট শীর্ষ ব্যক্তিরা। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এসব নিয়ে সরাসরি মুখ খুলতে রাজি হচ্ছে না কেউ।

নাম প্রকাশ না করার শর্তে বিপিসির একজন কর্মকর্তা জানান, জ্বালানি নিয়ে অনেকটা দ্বিধা-দ্বন্দ্বে রয়েছে সরকার ও বিপিসি। কেননা দাম নিয়ে একটি অনিশ্চয়তা রয়েছে। আড়াইগুণ বেশি দামে জ্বালানি কিনলেও দেশের বাজারে এই মুহূর্তে দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। তাই বিপুল পরিমাণ ভর্তুকির জোগান কোত্থেকে আসবে তা নিয়েও চিন্তিত সরকার।

এর বাইরে সংকটের সুযোগে সাপ্লায়ার প্রতিষ্ঠানগুলো সরবরাহ করা তেলের মান নিয়ন্ত্রণে কড়াকড়ি না করার অলিখিত শর্তও জুড়ে দিয়েছে। আর তাই অপেক্ষাকৃত বেশি সালফারযুক্ত নিম্নমানের ডিজেলও গছিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। কিন্তু সরকারের হাতে খুব বেশি সময়ও নেই, কারণ মজুত দ্রুত ফুরিয়ে আসছে বলে জানান তিনি।

বিপিসির তথ্য বলছে, গত ২০ মার্চ দেশে ডিজেলের মজুত ছিল এক লাখ ৩৫ হাজার ৬২২ টন। এর পর আর কোনো পার্সেল না আসায় মজুত বাড়েনি। ওই তেল দিয়ে ১২ থেকে ১৩ দিনের চাহিদা মেটানো সম্ভব। ইতোমধ্যে চারদিন অতিবাহিত হয়ে গেছে। ২০ মার্চের প্রারম্ভিক মজুত থেকে ডেড স্টক (১০ শতাংশ) এবং ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত সরবরাহ করা ডিজেল বাদ দিলে মজুত বর্তমানে ৬-৭ দিনে নেমে এসেছে। খাতা-কলমে সপ্তাহ খানেকের জ্বালানি থাকলেও দেশের পাম্পগুলোয় ইতোমধ্যে সংকট শুরু হয়ে গেছে। দেশের বিভিন্ন এলাকার শত শত পাম্প বন্ধ করে দেওয়া ও চালু থাকা পাম্পগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি সেই তথ্যই জানান দিচ্ছে।

বিপিসি সূত্র জানিয়েছে, ঈদের আগের দিন গভীর রাতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিপিসির ১০২১তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের একাধিক নীতি নির্ধারকরাও অনলাইন বৈঠকে উপস্থিত ছিলেন। ওই সভায় স্পট মার্কেট থেকে আট লাখ টন ডিজেল কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

এ সময় বিপিসির অপারেশন বিভাগ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালি সংকটের কারণে বিপিসির তালিকাভুক্ত সরবরাহকারীদের অনেকে এপ্রিল মাসের কিছু পার্সেল সরবরাহে অপারগতা প্রকাশ করেছে। এতে সাপ্লাই চেইন ঠিক রাখতে স্পট মার্কেট থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে জ্বালানি কেনার বিকল্প পথ দেখাতে পারেনি কেউ।

স্পট মার্কেট থেকে তেল কেনার স্বীকৃত পদ্ধতি হলো—জাহাজীকরণের দুদিন আগে ও পরেরসহ পাঁচদিনের গড় আন্তর্জাতিক মূল্যে দাম পরিশোধ করতে হয় সাপ্লায়ারকে। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি থেকে এক লাখ টন ডিজেল ও আরেক প্রতিষ্ঠান এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেড থেকে পাঁচ লাখ টন ও হংকংয়ের প্রতিষ্ঠান সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেড থেকে আরো দুই লাখ টন ডিজেল সরবরাহের প্রস্তাবনা নিয়ে পর্যালোচনার পর ইতিবাচক সিদ্ধান্ত দেয় বোর্ড।

গত রোববার বিকালে অনুষ্ঠিত হয় বিপিসির ১০২২তম বোর্ড সভায় দুবাইভিত্তিক ‘ডিবিএস ট্রেডিং হাউজ ফেজকো’ নামে এক প্রতিষ্ঠান থেকে ১০ লাখ টন ডিজেল কেনার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত দেয় বোর্ড। সবমিলিয়ে চারটি প্রতিষ্ঠান থেকে সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন জ্বালানি ১৮ লাখ টন ডিজেল সংগ্রহের সিদ্ধান্ত ইতিবাচকভাবে পর্যালোচনার সিদ্ধান্ত জানানো হয়, যা চলমান সংকটের মধ্যে ইতিবাচক। তবে আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামার বিষয়টি নিয়ে সাপ্লায়ারদের সঙ্গে দেনদরবার করতে বিপিসিকে তাগিদ দিয়েছে সরকার।

বিপিসির বোর্ড সভায় অংশ নেওয়া জ্বালানি মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানান, আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি ব্যারেল ডিজেল ২১০ থেকে ২২১ ডলারের মধ্যে ওঠানামা করছে। স্পট মার্কেট থেকে অনেকে ফিক্সড আগাম নির্ধারিত দরে ডিজেল সরবরাহের প্রস্তাব করেছে। কিন্তু এখন আমেরিকা-ইরান শুধু আলোচনার টেবিলে বসলেই দাম একেবারে কমে যাবে। যুদ্ধ থেমে গেলে আগের দরের চেয়েও নিচে নেমে আসবে জ্বালানি তেলের দাম। আর এই সম্ভাবনাটা মাথায় রেখে ফিক্সড প্রাইজে চুক্তির পরিবর্তে প্ল্যাট রেটে তেল কেনার বিষয়ে সাপ্লায়ারদের সঙ্গে দেনদরবার করার কথা বলা হয়েছে।

তিনি বলেন, এতে যখন তেল সরবরাহ করবে বা জাহাজ লোড হবে তখনকার রেটে দাম পরিশোধ করা হবে। এতে প্ল্যাটস রেট কমলে ব্যয় কমবে, প্ল্যাটস রেট বাড়লে ব্যয় বাড়বে। কারণ ফিক্সড প্রাইজে চুক্তি করে খুব বেশি লাভ হচ্ছে না। দাম কমলে বেশি দাম সরবরাহ করলেও আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে আর কেউ আগের আগের দামে সরবরাহ করছে না।

কারণ সম্প্রতি আমেরিকান প্রতিষ্ঠান ‘এ অ্যান্ড এ এনার্জি অয়েল অ্যান্ড গ্যাস এলএলসি’ এবং দুবাইভিত্তিক ‘পেট্রোগ্যাস ইন্টারন্যাশনাল করপোরেশন’ নামে দুই প্রতিষ্ঠান থেকে তিন লাখ টন ডিজেল কেনার বিষয়ে অনুমোদন দেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সপ্তাহ পেরিয়ে গেলেও শর্ত মোতাবেক প্রতিষ্ঠান দুটি পারফরম্যান্স গ্যারান্টি (পিজি) জমা না দেওয়ায় এখনো এলসি খুলতে পারছে না বিপিসি। এতে আন্তর্জাতিক আদালতে আরবিট্রেশন মামলা করার সুযোগ থাকলেও এই মুহূর্তে এই উটকো ঝামেলা নিতে আগ্রহী নয় সরকার।

বিপিসির অপারেশন ও বাণিজ্য বিভাগের জিএম মোরশেদ হোসাইন আজাদ জানান, বিপিসির স্টোরে এখনো সাত থেকে আটদিনের তেলের মজুত আছে। আগামী ২৭ মার্চ আরেকটি ট্যাংকার আসবে। এটি শেষ হতে না হতে আরো কয়েকটি জাহাজ আসবে। এর বাইরে বেশ কিছু প্রতিষ্ঠানের প্রস্তাব সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে। শিগগির সংকটের সমাধান হবে বলেও আশার কথা জানান তিনি।

তার দাবি বিপিসির ডিপো থেকে পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। কিন্তু এরপরও অদৃশ্য কারণে বাজারে কেন স্বস্তি আসছে না সেই বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সক্রিয় হতে তাগিদ দেওয়া হয়েছে বিপিসির পক্ষ থেকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...