লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুস নেওয়ার অভিযোগে বিএনপির দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন—দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ হোসেন।
দলীয় সূত্রে জানা গেছে, রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের উত্তর দরবেশপুর হাজীবাড়ি জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা দেওয়ার কথা বলে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা নেন ওই দুই নেতা। ঘুস নেওয়ার অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় হারুনুর রশিদ ও মো. ইউসুফ হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম বলেন, সরকার ইমাম-মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দিচ্ছে। হারুন ও ইউসুফের ওয়ার্ডে একটি মসজিদ আছে। ওই মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের কাছ থেকে তারা ৫ হাজার টাকা করে নিয়েছে। ঘটনাটি জানতে পেরে আমি ও আমার কমিটির সাংগঠনিক সম্পাদক তদন্তে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি।
তিনি আরো বলেন, উপজেলা নেতাদের সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

