বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার পাবে নতুন ঘর

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার পাবে নতুন ঘর
ফাইল ছবি

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম যাচ্ছেন আগামীকাল রোববার। তিনি বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে যাবেন। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর উপহার দেবেন এবং হাটহাজারীতে সমাবেশে বক্তব্য রাখবেন।

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, বাঁশখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের দেখতে কাল রোববার বাঁশখালী আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন এবং গৃহহীন হয়ে পড়া ১০০টি পরিবারের মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন সূত্র জানায়, বাঁশখালী পৌরসভা ও ৯টি ইউনিয়নের প্রত্যেকটিতে ১০টি করে ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে। সরকারি খরচে তাদের বাড়ি নতুন করে নির্মাণ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যার বিষয়টি বিবেচনায় রেখে বাড়ি নির্মাণে ব্যবহার করা হয়েছে আরসিসি পিলার, কাঠ ও টিন। টিনের ঘেরা ও ছাউনি দেওয়ায় বাড়িগুলো দুর্যোগসহনীয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

১৮ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের প্রতিটি টিনের ঘরে দুটি করে কক্ষ রয়েছে। এর সঙ্গে পাঁচ ফুট দৈর্ঘ্য ও পাঁচ ফুট প্রস্থের একটি সংযুক্ত শৌচাগারও রয়েছে।

বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী বলেন, বন্যায় বাড়িঘর ভেঙে যাওয়া পরিবারগুলোর মধ্যে যাদের নতুন করে বাড়ি করার মতো সামর্থ্য নেই, তাদেরই নতুন ঘর দেওয়া হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী রোববার চট্টগ্রামের তিনটি উপজেলা সফর করবেন। এর মধ্যে বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন। স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে এরই মধ্যে বাড়িগুলোর নির্মাণকাজ প্রায় শেষের পথে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন বাঁশখালী সফর এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বাহারছড়া সমুদ্রসৈকত-সংলগ্ন অনুষ্ঠানস্থল ও নির্মাণাধীন ঘরগুলো ঘুরে দেখেন। এ সময় তিনি মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ, নিরাপত্তাব্যবস্থা, অতিথিদের বসার স্থান এবং অনুষ্ঠানস্থলের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সার্বিক বিষয় নিয়েও কথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে বাঁশখালীর সব ক্ষতিগ্রস্ত পরিবার যাতে সার্বিক সহযোগিতা পায়, আমরা সেই চেষ্টা চালিয়ে যাব।’

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর এ সফর সফল করতে এরই মধ্যে বিশাল মঞ্চ তৈরির কাজ সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, জেলা ও বাঁশখালী প্রশাসন এবং বিএনপি নেতারা দিকনির্দেশনামূলক বৈঠক করেন।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রাম সফরের অংশ হিসেবে আগামীকাল রোববার ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির বয়োজ্যেষ্ঠ আলেমে দ্বীন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই সফরে প্রধানমন্ত্রী চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।

আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দৌহিত্র মাওলানা আজিজুর রহমান জানান, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ফটিকছড়ির সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় মহলে চলছে ব্যাপক প্রস্তুতি।

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হাটহাজারীতে আসছেন কাল রোববার। এ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে হাটহাজারীকে। হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই বড় সমাবেশকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এদিকে জনসভার সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতির সর্বশেষ অবস্থা সরেজমিন পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল শুক্রবার বিকালে তিনি ডাকবাংলো ও জনসভাস্থলে মঞ্চ, আসন বিন্যাস, প্রবেশ ও প্রস্থান পথসহ পুরো মাঠের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। ফটিকছড়ি থেকে সড়কপথে হাটহাজারীতে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মাদরাসা সংলগ্ন কবরস্থানে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করবেন। বিকালে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। যেসব স্থানে তিনি যাবেন, সেসব স্থানে ব্যবস্থাপনার কাজ চলছে। মাঠে মঞ্চ নির্মাণের কাজ শেষের দিকে।’

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, প্রধানমন্ত্রীর হাটহাজারী সফরকে কেন্দ্র করে নির্ধারিত নিরাপত্তার পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন