জামায়াত নেতার প্রচারে অংশ নিয়ে পদ হারালেন ছোট ভাই বিএনপি নেতা

জামায়াত নেতার প্রচারে অংশ নিয়ে পদ হারালেন ছোট ভাই বিএনপি নেতা
বিএনপি নেতা এস এম জাকারিয়া। ছবি: আমার দেশ

গাজীপুরের কাপাসিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় ইউপি নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জেরে দলীয় পদ হারানোর দাবি করে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা এস এম জাকারিয়া। দীর্ঘ ৪৫ বছরের রাজনৈতিক জীবনের ত্যাগ-তিতিক্ষার কথা তুলে ধরে তিনি প্রশ্ন তুলেছেন, ‘একজন কর্মীর চার দশকেরও বেশি সময়ের আত্মত্যাগের মূল্য কি একটি ছোট ঘটনার চেয়েও কম ?’

সম্প্রতি সামাজিক মাধ্যম তার ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এস এম জাকারিয়া দাবি করেন, তিনি বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই দলের রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রদল, যুবদল এবং পরে চাঁদপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।

বিজ্ঞাপন

তিনি জানান, আসন্ন চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার আপন বড় ভাই জামায়াত ইসলামীর নেতা চেয়ারম্যান প্রার্থী মাওলানা এস এম ছোলাইমানের পরিচিতি ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

স্ট্যাটাসে তিনি দাবি করেন, ৪৫ বছরের রাজনৈতিক জীবনে কখনো ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতি করেননি। বরং ১৯৮৩ ও ২০১৮ সালে কারাবরণ, একাধিক রাজনৈতিক মামলার আসামি হওয়া এবং নানা হয়রানি সহ্য করেও বিএনপির আদর্শ থেকে সরে যাননি।

তিনি লেখেন, পদ হারানোর কারণে নয়, বরং তার দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও আনুগত্য যেন মুহূর্তেই অস্বীকার করা হয়েছে—এই অনুভূতিই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে।

স্ট্যাটাসে তিনি আরও বলেন, বিএনপি লাখো ত্যাগী নেতাকর্মীর রক্ত, ঘাম ও ভালোবাসায় গড়ে ওঠা একটি পরিবার। তাই একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একজন কর্মীর পুরো রাজনৈতিক জীবন বিবেচনায় মূল্যায়নের আহ্বান জানান তিনি।

তবে তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, কারও বিরুদ্ধে তার ব্যক্তিগত বিদ্বেষ নেই। তিনি এখনও বিএনপির আদর্শে বিশ্বাসী এবং সত্য, ন্যায় ও গণতন্ত্রের পথেই ভবিষ্যতেও থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ ব্যাপারে স্থানীয় চাঁদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বলেন, জল থেকে অব্যাহতি পাওয়া এস এম জাকারিয়া দলের নিবেদিত সৈনিক। তবে তার আপন বড় ভাই জামায়াত ইসলামীর সঙ্গে জড়িত এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী। বিএনপির একজন ত্যাগী নেতা হয়ে এই মুহূর্তে দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া ঠিক হয়নি। দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সিদ্ধান্তই সঠিক বলে একাধিক নেতা জানান।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন