বরিশাল নগরীতে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন’ লেখা ব্যানার নিয়ে এ মিছিল বের করা হয়।
এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা সংগঠিতভাবে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় তাদের মুখে ‘ঘরে ঘরে বলে দে, শেখ হাসিনা আসতেছে’সহ নানা রাজনৈতিক স্লোগান শোনা যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় পুলিশ। প্রথমে মিছিল থেকে পাঁচজনকে এবং পরবর্তীতে আরও দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়, মিছিলের সঙ্গে সম্পৃক্ততা ও ভূমিকা নিবিড়ভাবে যাচাই করছে আইনশৃঙ্খলা বাহিনী।
মিছিলে ব্যবহৃত ব্যানারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, সাবেক বরিশাল সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ এবং ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. রাজিব হোসেন খানের ছবি ছিল।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের কার্যক্রম ও জনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রাথমিক যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, মিছিলের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে প্রথমে পাঁচজনকে এবং পরে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

