কক্সবাজারের ঈদগাঁওয়ে চাঞ্চল্যকর জাফর আলম হত্যাকাণ্ডের এক যুগপর ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার (৯ ফেব্রুয়ারি) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. নজরুল ইসলাম এ রায় দেন।
একই মামলায় মনজুরুল ইসলাম (৪৪)কে বেকসুর খালাস ও ফরিদুল হক সোনা মিয়া (৪১)কে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও দেড় বছরের সাজা প্রদান করে আদালত।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, একই এলাকার মৃত এজহার মিয়ার পুত্র নুরুল ইসলাম (৮০), আলী হোসেনের পুত্র সিরাজুল ইসলাম (৪৫), সেলিম উল্লাহ (৪৮) ও নুরুল ইসলামের পুত্র আশরাফুজ্জামান (৪৫)।
এ মামলার ৫ নম্বর আসামি আব্দুল জলিল ও ১০ নম্বর আসামি আলী হোসেন ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন।
প্রসঙ্গত ২০১০ সালের ২৬ ডিসেম্বর ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড নাপিতখালী বাঁশকাটা এলাকার গোল্ডেন ফার্মের পূর্বপাশে জায়গা বিরোধকে কেন্দ্র করে নিকটাত্মীয় উপরুক্ত আসামিরা ধারালো অস্ত্রে জাফর আলমকে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় জাফর আলমের ছেলে আব্দুল মজিদ বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করে।
মামলার দীর্ঘ কার্যক্রম শেষে আদালত সোমবার এ রায় প্রদান করে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট আব্দুর রশীদ ও নিহতের পরিবারের সদস্যরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

