নিজের পকেট ভারী না করে কর্মীদের জন্য কিছু করেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদল নেতার এমন একটি পোস্ট ভাইরাল হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাদিমুর রহমান শিশির নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্ট থেকে এ পোস্ট করেন । পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় । এতে কুমিল্লা দক্ষিণ জেলার বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতারা সহমত জানিয়ে বিভিন্ন কমেন্টস করেন ।
ছাত্রদল নেতার পোস্টটি হুবহু তুলে ধরা হলো ‘সময় থাকতে নেতা-কর্মীদের জন্য কিছু করেন। আপনাদের নিজের প্রয়োজন হলে কর্মীদের কথা মনে পড়ে, কিন্তু তারা কীভাবে চলছেন—একবারও কি খোঁজ নিয়েছেন!
মনে হয় না?
এখনও সময় আছে। নিজের পকেট ভারী না করে কর্মীদের জন্য কিছু করেন।’
ওই পোস্টে আতিকুর রহমান ভূঁইয়া নামে একজন ছাত্রদল নেতা কমেন্ট করেন—‘কর্মীরা না খেয়ে মারা যাচ্ছে, আর নেতারা বিলাসবহুল জীবনযাপন করছেন।’
সোহাগ হোসেন নামে একজন কমেন্টে লেখেন, ‘ভাই একমাত্র আপনার মুখে শুনি কর্মিদের নিয়ে কথা। ভাই আমরা যারা কর্মি আছি তারা হলো বিনা বেতনের লেবার।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বে ছিলেন নাদিমুর রহমান শিশির । গত বছর তাদের বাদ দিয়ে নতুন কমিটি দেয় কেন্দ্রীয় ছাত্রদল ।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কয়েকজন সাবেক নেতা দৈনিক আমার দেশকে বলেন, ‘আমাদের নেতৃত্বে কুমিল্লায় আন্দোলন হয়েছিল । কিন্তু আমরা যারা গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি, আজ সঠিক মূল্যায়ন পাচ্ছি না ।’
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

