নৈরাজ্য ঠেকাতে বিএনপি কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

নৈরাজ্য ঠেকাতে বিএনপি কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল
প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি: আমার দেশ

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে বিএনপি কর্মীরাই যথেষ্ট। রাজপথে বিশৃঙ্খলার হুমকি বিএনপিকে দিয়ে লাভ নেই। আমরা আন্দোলন, সংগ্রামের পথ পেরিয়েই সরকারে এসেছি। জনগণের সর্ব্বোচ্চ ভোট পেয়ে সরকার গঠন করে বিএনপি সংসদে গিয়েছে। কাজেই বিএনপি জনগণের সরকার। জনগণই এই সরকারের বড় শক্তি।

শনিবার দুপুরে নগরীর লালখান বাজার ফুটওভার ব্রিজ উদ্বোধন উপলক্ষ্যে সিডিএ আয়েজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, ৭১ ও ২৪-এর পরাজিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা তা হতে দেব না। আপনারা যা করতে চাচ্ছেন, সেই কাজের ‘ভাইস চ্যান্সেলর’ অনেক কর্মী আছেন আমাদের দলে। তারা সবাই দলের পরীক্ষিত কর্মী। আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই।

বিজ্ঞাপন

মীর মোহাম্মদ হেলাল আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে৷ সেই অগ্রযাত্রাকে থামানোর সাধ্য কারো নেই। ইতিমধ্যে প্রধামন্ত্রীর নেতৃত্বে আমাদের বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে। প্রকল্পের গতিও বেড়েছে। আমরা ক্ষমতায় এসেছি জনগণের কাঙ্খিত উন্নয়ন ঘটানোর জন্য। আমরা জনগণের সেবক। তারা দেশটাকে যেমন দেখতে চেয়েছে আমরা সেটি বাস্তবায়নে কাজ করছি। বর্তমান সরকারের প্রতিশ্রুতির চেয়ে কাজের বাস্তবায়নই বেশি।

বিরোধী দলের উদ্দেশ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা যেই উন্নয়ন অগ্রযাত্রা শুরু করেছি আমাদের সঙ্গে সামিল হোন। কিন্তু দেশবিরোধী কোনো চক্রান্তে, রাষ্ট্রবিরোধী কোনো চক্রান্তে যদি সালিম হন, তাহলে প্রশাসনের প্রয়োজন এই চট্টগ্রামে হবে না। দলীয় কর্মীরাই বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করবে। তারাই যথেষ্ট।

এ সময় মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, নগরের লালখান বাজারে ফুটওভার ব্রিজ নির্মাণ দীর্ঘদিনের দাবি ছিল। এখানে অনেক দুর্ঘটনা ঘটেছে। অনেকে প্রাণ হারিয়েছেন। আমি নিজেও ব্রিজের দাবিতে মানববন্ধনে সামিল হয়েছিলাম৷ আমরা সিডিএর মাধ্যমে এই ফুটওভার ব্রিজটি দ্রুততার সঙ্গে করতে সক্ষম হয়েছি। আজ লালখান বাজারবাসীর আশাআকাঙ্খা পূরণ হয়েছে। বর্তমান সরকার এভাবেই জনগণের আশার প্রতিফলন ঘটাবে।

সমাবেশে সিডিএ'র প্রকল্প পরিচালক মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম উন্ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক এডভোকেট আব্দুস সাত্তার, সিডিএ'র সচিব নূরে জান্নাত রুমীসহ সংস্থাটির উর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেস প্রকল্পের আওতায় নগরের লালখান বাজারে নির্মাণ করেছে সিডিএ। ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ৮০ লক্ষ টাকা। এটি উচ্চতা ১৮ ফিট এবং দৈর্ঘ্য ৪২ মিটার। ব্রিজটির চারদিকে চারটি সিড়ি রাখা হয়েছে। যার প্রতিটির প্রস্থ ৮ ফিট। এটি নির্মাণে আটমাস সময় লেগেছে বলে জানান প্রকল্প কর্মকর্তা মাহফুজুর রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...