আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা সন্ত্রাস, ফ্যাসিস্ট, আধিপত্যবাদ থেকে আগামীর বাংলাদেশকে দখল মুক্ত করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছি। আর আগামীর নির্বাচনে বাংলাদেশের মার্কা, এই কক্সবাজার দুই আসনের মার্কা দাঁড়িপাল্লায় সবাই ভোট দিবেন। বলা হচ্ছে নতুন জালেম নাকি তৈরি হয়েছে। ঠিক, অবশ্যই আমরা দেখছি নতুন জালেম তৈরি হচ্ছে। তারাই নতুন জালেম যারা ৫ আগস্টের পরে নতুন করে চাঁদাবাজি শুরু করেছে। দখলবাজি শুরু করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় জামায়াত প্রার্থী ও দলটির এসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

এই জুলাইযোদ্ধা বলেন, আমরা খুবই স্পষ্টভাবে বলেছি- বাংলাদেশের সরকার গঠন করবে কে, কে নির্বাচিত হবে, কে সরকারে যাবে তা নির্ধারণ করবে বাংলার জনগণ। দিল্লি থেকে কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। বাংলাদেশে আর কখনো দিল্লির তাবেদারি সরকার বসতে পারবে না।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে আরো নির্বাচন হয়েছে। সে সমস্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়েছে, প্রধানমন্ত্রীর নাম পরিবর্তন হয়েছে, দলের নাম পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের মৌলিক যে প্রয়োজন সেটা হয়নি। আমরা সেই পরিবর্তনটা করতে চাই।

তিনি বলেন, আমরা সরকার গঠন করলে দুর্নীতিকে বিদায় করে দেবো, ইনশাআল্লাহ। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবো। আমরা সকলের অধিকারকে প্রতিষ্ঠা করবো। সুতরাং, একটি গুণগত নতুন বাংলাদেশ গড়ার একটি মাইলস্টোন হবে আগামী ১২ই ফেব্রুয়ারির যে নির্বাচন।

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কুতুবদিয়া দুইটি কারণে গুরুত্বপূর্ণ। এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিক থেকে, ভৌগলিক দিক থেকে এবং খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সি কানেকটিভিটি, যা অর্থনৈতিক ক্ষেত্রে, বিজনেসের জন্য অত্যন্ত জরুরি।

তিনি বলেন, এই দুইটাই আপনাদের কুতুবদিয়া ও মহেশখালীতে আছে। পৃথিবীতে যে কয়টি রাষ্ট্র আছে তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ উন্নত রাষ্ট্র আমরা চিনি, তার নাম হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর একটি দ্বীপ রাষ্ট্র। আপনাদের এটা যেমন হয় দুইটা দ্বীপ উপজেলা। সিঙ্গাপুর হচ্ছে একটি দ্বীপ রাষ্ট্র। ছোট, আপনাদের চেয়ে খুব বেশি বড় নয়। কিন্তু পৃথিবীর বুকে অত্যন্ত উন্নত একটি রাষ্ট্র। চাইলে মহেশখালী ও কুতুবদিয়াকে সিঙ্গাপুরের মতো উন্নত করা যাবে।

তিনি জামায়াত প্রার্থী হামিদুর রহমান আজাদকে এমপি নাকি মন্ত্রী দেখতে চান- এই প্রশ্ন জনতার উদ্দেশে ছুঁড়ে দিয়ে বলেন, ১১ দল যদি সরকার গঠন করে হামিদুর রহমান আযাদ পূর্ণ মন্ত্রী হবেন।

কক্সবাজার-০২ আসনের অন্য দলের প্রার্থীকে 'লোকাল বাস' উল্লেখ করে তিনি বলেন, হামিদুর রহমান আজাদ হলো এক্সপ্রেস ট্রেন।

এই কথা বলে তিনি বলেন, নির্বাচনে এটা খুব গুরুত্বপূর্ণ যে- আপনি আপনার নেতা কাকে বানাবেন, কার মাধ্যমে আমাদের দাবি আদায় হবে।

তিনি হামিদ আজাদ সম্পর্কে বলতে গিয়ে বলেন, রাতের পর রাত জেগে এই জোট গঠন করে সব কিছু ডিস্ট্রিবিউশন করে যে জাতীয় কর্তব্য পালন করছে তার অন্যতম হচ্ছে আপনাদের সন্তান হামিদুর রহমান আজাদ। তাকে ভোট দিলে মন্ত্রী হলে সংসদ কুতুবদিয়া এবং মহেশখালীর পরিচয় বাংলাদেশে হবে সারা দুনিয়ায় হবে ইনশাআল্লাহ।

এই জনসভায় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন