পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচন পারফেক্ট হওয়া খুব রেয়ার। জীবনে কোনো কিছুই পারফেক্ট হয় না, নির্বাচনেও কিছু সমস্যা থাকেই। তবে দেখার বিষয় হলো—নির্বাচন জনমতের প্রতিনিধিত্বশীল হয়েছে কি না।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তৌহিদ হোসেন বলেন, আমরা আশা করছি, এক সপ্তাহের মধ্যে নির্বাচন হয়ে যাবে। যদিও সন্দিহান লোকজনের এখনো অভাব নেই। তবে তিনি মনে করেন, নির্বাচন না হওয়ার মতো তেমন কোনো কারণ নেই।
তিনি বলেন, জনমত বোঝার জন্য সংখ্যার দিকে তাকাতে হয় না। এটা আমরা মোটামুটি জেনে যাই, বুঝে যাই। এর আগে যে চারটি নির্বাচন হয়েছে, যেটাকে আমরা নির্বাচন বলি, সেখানে প্রতিটিতেই জনমতে প্রতিফলন ঘটেছিল।
ভারতের উদাহরণ টেনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি দীর্ঘদিন ভারতে ছিলেন। বৃহত্তম গণতন্ত্রের দেশ বলে তারা নিজেরা গর্ব করে। সেখানেও পারফেক্ট নির্বাচন হয় না, কিছু সমস্যা থাকেই।
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিদেশি কূটনীতিকদের কোনো চাপ আছে কি না—এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, তার সঙ্গে যারা দেখা করতে এসেছেন, তাদের কেউ কেউ বিষয়টি জানতে চেয়েছেন, সবাই নয়। তবে কেউ কোনো ধরনের চাপ সৃষ্টি করেননি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

